ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ৬ জন এবং করোনা উপসর্গ নিয়ে ১০ জন মারা গেছেন। মৃতদের মধ্যে ময়মনসিংহের ১৩ জন, নেত্রকোনা, গাজীপুরের ও পাবনার ১ জন করে রয়েছেন।
শুক্রবার (১৩ আগস্ট) সকালে হাসপাতালের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।
ডা. মহিউদ্দিন খান মুন জানান, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ১৬ জনের মৃত্যু হয়।
করোনা আক্রান্তে মৃতরা হলেন ময়মনসিংহ সদরের সুখরঞ্জন (৬৫), আব্দুল সালাম (৭৫), মুক্তাগাছা উপজেলার মমতা বেগম (৪৫), ফুলবাড়িয়া উপজেলার হাসিনা (৬০), নেত্রকোনার দুর্গাপুর উপজেলার আয়েশা (৬৫) এবং পাবনা সদরের অন্তিমা সরকার (৬৫)।
উপসর্গ নিয়ে মারা গেছেন ময়মনসিংহ সদরের হাসিনা খাতুন (৬৫), মফিজুল ইসলাম (৬০), তারাকান্দা উপজেলার ইস্রফিল (৫৫), গফরগাঁও উপজেলার রানুজা আক্তার (৫০), সোহরাব (৮০), ফুলবাড়িয়া উপজেলার আজিজুল হক (৯০), ধোবাউড়া উপজেলার মমেনা (৪০), গৌরীপুর উপজেলার হযরত আলী (৫৪), ভালুকা উপজেলার শাহনাজ জামান (৪৫) এবং গাজীপুর শ্রীপুরের রোকসানা (৫৫)।
ডা. মহিউদ্দিন খান মুন আরও জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৫২ জন ভর্তিসহ এখন পর্যন্ত ৩৯৬ জন এবং আইসিউতে ২২ জন চিকিৎসাধীন। সুস্থ হয়েছেন ৬০ জন।
এদিকে সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭১টি নমুনা পরীক্ষায় আরও ১৮২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৬ দশমিক ৯৯ শতাংশ। জেলায় মোট আক্রান্ত ১৮ হাজার ৮৫৬ জন। সুস্থ হয়েছেন ১৩ হাজার ৮৭৯ জন।
































