সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দুই সংসদ সদস্যকে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন দেবহাটা উপজেলার কুলিয়া বালিয়াডাঙ্গা গ্রামের ঈমান আলীর ছেলে মনিরুল ইসলাম (৪৫) ও তার ছেলে ইফসুফ হোসেন (২১)।
সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ডা. আ ফ ম রুহুল হক এবং সাতক্ষীরা-২ (সদর) আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে হুমকি দেন গ্রেপ্তার ব্যক্তিরা।
বুধবার (১১ আগস্ট) সকালে দেবহাটা উপজেলার কুলিয়া বালিয়াডাঙ্গা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে সংবাদ সম্মেলনে এ কথা জানান পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
এর আগে এ ঘটনায় শহরের মুনজিতপুর এলাকার জিয়াউর বিন সেলিম নামের এক যুবক সাতক্ষীরা সদর থানায় ডিজিটাল সিকিউরিটি আইনে একটি মামলা করেন।
মনিরুল ইসলাম স্থানীয় একটি মসজিদের ঈমাম ও জামায়াত-শিবির রাজনীতির সঙ্গে জড়িত এবং তার ছেলে ইউসুফ হোসেন মাদকাসক্ত বলে জানা গেছে।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, ‘আজরায়িল জান নেই’ নামক ফেসবুক আইডি থেকে গত রোববার (৮ আগস্ট) দুই সংসদ সদস্যকে মাথা কেটে দিতে পারলে কোটি টাকার পুরস্কার ঘোষণা করা হবে পোস্ট দেওয়া হয়। পরবর্তী সময়ে ওই আইডি বন্ধ করে একই প্রোফাইল পিকচার ঠিক রেখে ‘কালিমা মা’ ফেসবুক আইডি খুলে আবারও একইভাবে হুমকি দেওয়া হয়। এ ঘটনায় জেলা ব্যাপী তোলপাড় শুরু হয়। একপর্যায়ে তার (পুলিশ সুপারের) সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইকবাল হোসেনের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি দল অপরাধীকে আইনের আওতায় আনার লক্ষ্যে কাজ শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় মনিরুল ও তার ছেলে ইউসুফকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোট ৮টি মোবাইল ফোন, দুটি সিম কার্ড, তিনটি মেমোরি কার্ড, একটি ক্যামেরাযুক্ত ডিজিটাল ঘড়ি ও বেশ কিছু বই উদ্ধার করা হয়।
মোস্তাফিজুর রহমান আরও জানান, জিজ্ঞাসাবাদে তারা ফেসবুক আইডি দুটির মাধ্যমে দুই সংসদ সদস্যকে উক্ত পোস্ট দেওয়ার কথা স্বীকার করেছেন। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সজিব খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইকবাল হোসেন, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শামসুল আল শামস।
































