নাটোরে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরো ১৪১ জন করোনায় শনাক্ত হয়েছেন।
এর মধ্যে করোনায় ২ জন ও উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। নতুন ৫৬০ জনের শরীরে করোনা পরীক্ষা করে শনাক্ত হয়েছে ১৪১ জন। সংক্রমণের হার ২৫.১৭ শতাংশ। সোমবার (২৬ জুলাই) নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি রয়েছে ৬৯ জন।
নাটোর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, এ পর্যন্ত নাটোর জেলায় মোট আক্রান্ত সংখ্যা ৬ হাজার ৩৫২ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৬৭০ জন। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৩ হাজার ৫৬৮ জন। জেলায় করোনায় এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১০৫ জনের।
এদিকে সারাদেশের মতো নাটোরেও চতুর্থ দিনের লকডাউন চলছে। লকডাউন কার্যকরে পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী সদস্যরা মাঠে রয়েছেন। জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ ১২টি টিম মাঠে তৎপর রয়েছেন।





































