মাগুরার শালিখায় এসএসসি ভকেশনাল পরীক্ষায় মোজাহার বিশ্বাস নামে এক ছাত্রলীগ নেতার বদলে পরীক্ষা দিতে এসে আটক হয়েছে আল আমিন মোল্লা (২২) নামে এক যুবক।
মঙ্গলবার (১৬ নভেম্বর) উপজেলার সিংড়া তিলখড়ি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। তাকে আটকের পর ভ্রাম্যমাণ আদালত এক বছরের কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা দিয়েছেন।
দণ্ডপ্রাপ্ত আল-আমিন উপজেলার শ্রীহট্ট গ্রামের আকতার মোল্লার ছেলে। সে ছাত্রলীগ নেতা মোজাহার বিশ্বাসের ভাতিজা এবং মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের এইচএসসি পরীক্ষার্থী।
কেন্দ্র সচিব কুমুদ রঞ্জন বিশ্বাস জানান, সিংড়া-তিলখড়ি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এসএসসি ভকেশনাল ট্রেড কোসের্র অংশ নেবার কথা শালিখা উপজেলা ছাত্রলীগ একাংশের সভাপতি মোজাহার বিশ্বাসের। সে শালিখার শ্রীহট্ট মাধ্যমিক বিদ্যালয়ের ভকেশোনাল ট্রেডের ছাত্র।
মঙ্গলবার ছিল এগ্রো বেসড ফুড বিষয়ের পরীক্ষা। যেখানে মোজাহারের বদলে পরীক্ষা দিতে আসে তার ভাতিজা আল আমীন।
কেন্দ্রে উপস্থিত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ফারহানুল হক গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে তাকে আটক করে। এ সময় নিজের অপরাধের কথা স্বীকার করে আল আমীন। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র আটক আল-আমিনকে এক বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করে জেল হাজতে পাঠান। মোজাহার বিশ্বাসের বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার জন্যে কারিগরি শিক্ষাবোর্ডে চিঠি দেওয়া হয়েছে।
শালিখা পুলিশের একটি সূত্র থেকে জানা গেছে, ২০১৮ সালের ১০ সেপ্টেম্বর এই মোজাহার বিশ্বাস ১০ পিস ইয়াবাসহ আটক হয়ে বেশ কিছুদিন জেলহাজতে ছিল। মাদক মামলার পাশাপাশি তার নামে ইতিপূর্বে নারী নির্যাতনসহ একাধিক মামলার আসামি।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তা বলেন, মোতাহার বিশ্বাস সভাপতি তো দূরে থাক, তাদের অনুমোদিত কমিটির কোনো পদে নেই।






























