২০০৫ সালের ১৯ নভেম্বর। সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম ও একমাত্র ম্যাচে মুখোমুখি হয়েছিলেন জিনেদিন জিদান ও লিওনেল মেসি। সেই এল ক্লাসিকোয় রিয়ালকে ৩-০ গোলে বিধ্বস্ত করেছিল বার্সেলোনা। এরপর ২০০৬ বিশ্বকাপ খেলে অবসর নেন জিদান। আর মেসি ধীরে ধীরে হয়ে উঠেছেন বিশ্ব ফুটবলের সর্বকালের অন্যতম সেরা ফুটবলারে।
সেই এল ক্লাসিকোর ২১ বছর পর মেসি বুধবার সকালে আবারও মুখোমুখি হচ্ছেন আরেক জিদানের। তিনি জিনেদিন জিদানের ছেলে লুকা জিদান। জিনেদিন জিদান ফ্রান্সের হয়ে বিশ্বকাপ মাতালেও লুকা জিদান খেলেন আলজেরিয়ার জার্সিতে। আলজেরিয়ার গোলপোস্টের অতন্দ্র প্রহরী তিনি।
২৮ বছর বয়সী লুকা একটা সময় খেলেছেন ফ্রান্সের বয়সভিত্তিক দলে। তার সুযোগ ছিল ফ্রান্স জাতীয় দলের হয়ে খেলার। তবে শেষ পর্যন্ত তিনি বেছে নিয়েছেন আলজেরিয়াকে।
শুধু লুকা নন, তার ভাই এনজো জিদানের বিপক্ষেও খেলেছেন মেসি। এনজো একটা সময় খেলতেন লা লিগার দল আলাভেসে। এই ক্লাবে দুটি ম্যাচই খেলেছেন তিনি। এর একটি ২০১৭ সালে মেসির বার্সেলোনার বিপক্ষে।
সেই ম্যাচে ২-০ গোলে হেরেছিল আলাভেস। ম্যাচের পর এনজোর বিখ্যাত বাবা জিনেদিন জিদান বলেছিলেন,‘এনজো খুবই উত্তেজিত ছিল মেসির বিপক্ষে খেলা নিয়ে। ওর ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় মুহূর্ত সেটা। ওর ঘরে এখনও আমার পাশাপাশি আছে মেসির জার্সি।’
২০০৫ সালের এল ক্লাসিকোয় মেসির বিপক্ষে জিনেদিন জিদানের ম্যাচটাও স্মরণীয় হয়ে আছে নানা কারণে। সেই ম্যাচে জোড়া গোল করেছিলেন রোনালদিনহো। তার পারফরম্যান্সে মুগ্ধ হয়ে দাঁড়িয়ে অভিবাবদন জানিয়েছিলেন বার্নাব্যুর দর্শকরা। আর ম্যাচে ৩৪ মিনিটে মেসিকে গুরুতর ফাউলও করেছিলেন জিদান। রেফারি হলুদ কার্ড না দেখানোয় প্রতিবাদ করেছিলেন বার্সা খেলোয়াড়রা। তাতে অবশ্য লাভ হয়নি কোনো।
























