কানাডার একের পর এক সুযোগ নষ্ট


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২৯, ২০২৬, ০২:২১ এএম
কানাডার একের পর এক সুযোগ নষ্ট

বল দখলে এগিয়ে ছিল দক্ষিণ আফ্রিকা, তবে আক্রমণাত্মক ফুটবলে পুরো প্রথমার্ধে দাপট দেখায় কানাডা। একাধিক পরিষ্কার সুযোগ তৈরি করেও গোলের দেখা না পাওয়ায় ০-০ সমতায় বিরতিতে যায় দুই দল।

রবিবার (২৮ জুন) বাংলাদেশ সময় রাত ১টায় লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচে শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক মেজাজে ছিল।

ম্যাচের ৫ মিনিটেই প্রথম সুযোগ পায় দক্ষিণ আফ্রিকা। তেবোহো মোকোয়েনার দূরপাল্লার শট দারুণ দক্ষতায় বামদিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন কানাডার গোলরক্ষক ম্যাক্সিম ক্রেপো। এরপর ১৬ মিনিটে স্টিফেন ইউস্তাকিওর কর্নার থেকে আসা বল ফাঁকায় পেয়ে যান জনাথন ডেভিড, কিন্তু তার শট লক্ষ্যভ্রষ্ট হয়ে ডান পোস্টের বাইরে চলে যায়।


২১ মিনিটে আরও বড় সুযোগ নষ্ট করে কানাডা। ইউস্তাকিওর ফ্রি-কিক থেকে বক্সে একদম ফাঁকায় থাকা ডেরেক কর্নেলিয়াস বল পান। কিন্তু তার নেওয়া দুর্বল হেড চলে যায় দক্ষিণ আফ্রিকার গোলরক্ষক রনওয়েন উইলিয়ামসের হাতে।

৩৪ মিনিটে বক্সের ভেতর থেকে তানি ওলুওয়াসেয়ির শট রুখে দেন উইলিয়ামস। চার মিনিট পর সেট-পিস থেকে তার হেডও চলে যায় বারের ওপর দিয়ে।

কানাডার সবচেয়ে বড় সুযোগ আসে ৪৩ মিনিটে। কর্নার থেকে আসা বল বক্সে হেডে বিপদ তৈরি করেন মোইজ বম্বিতো, কিন্তু গোললাইন থেকে বল ক্লিয়ার করেন অব্রি মোদিবা। এরপর রিবাউন্ডে ওলুওয়াসেই ও আলিস্টার জনস্টনের চেষ্টা ব্যর্থ হয় ঘন প্রতিরক্ষার কারণে।

বিরতির ঠিক আগে রিচি লারিয়াকে বক্সের ভেতর ফাউল করা হয়েছে বলে পেনাল্টির দাবি তোলে কানাডা। তবে ভিএআর পর্যালোচনায় সেই আবেদন বাতিল করেন রেফারি। শেষ পর্যন্ত একাধিক সুযোগ নষ্টের হতাশায় প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে।


 

Link copied!