জর্ডানের বিপক্ষে ৩-১ ব্যবধানের সহজ জয়ে গ্রুপ পর্ব শেষ করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে গ্রুপ পর্বের এই স্বস্তি ভুলে এখনই নকআউট পর্বের রণকৌশল সাজাতে ব্যস্ত কোচ লিওনেল স্কালোনি। শেষ বত্রিশের লড়াইয়ে আর্জেন্টিনার প্রতিপক্ষ টুর্নামেন্টের নবাগত কেপ ভার্দে। কাগজে-কলমে আর্জেন্টিনা যোজন যোজন এগিয়ে থাকলেও আফ্রিকান দলটিকে অবহেলা করছেন না স্কালোনি।
জর্ডান ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে স্কালোনিকে প্রশ্ন করা হয়েছিল ৪ জুলাই মিয়ামিতে হতে যাওয়া কেপ ভার্দে ম্যাচ নিয়ে। আফ্রিকান দলটির গ্রুপ পর্বের লড়াকু পারফরম্যান্সের উদাহরণ টেনে তিনি বলেন, ‘ওরা সত্যিই ভালো একটি দল। গ্রুপ পর্বে নিজেদের তিনটি প্রতিপক্ষকেই ওরা কঠিন পরীক্ষার মুখে ফেলেছে। অন্যতম ফেভারিট স্পেন, ঐতিহ্যবাহী উরুগুয়ে কিংবা সৌদি আরব- কেউ সহজে পার পায়নি। এবারের বিশ্বকাপে যে ধরনের চমক আমরা দেখছি, তাতে আমাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে। ওরা গতিময়, মানসম্পন্ন এবং গোছানো একটি দল। ওরা আমাদের কাজটা কঠিন করে তুলবে।’
ডালাসের তীব্র গরম আর ম্যাচের সময়সূচি নিয়েও কিছুটা অসন্তোষ প্রকাশ করেছেন আর্জেন্টিনার এই বিশ্বকাপজয়ী কোচ। আগামী শুক্রবার বাংলাদেশ সময় দিবাগত রাত ৪টায় মাঠে গড়াবে ম্যাচটি। স্কালোনি কিছুটা ক্ষোভের সুরেই বলেন, ‘আমাদের অত্যন্ত গরম আবহাওয়ার মধ্যে খেলতে হবে। এমন একটা সময়ে কেন ম্যাচটি রাখা হয়েছে, সেটা বোধগম্য নয়। তবে সব দলই তো এই সূচিতে খেলছে, তাই আমাদের অজুহাত দেওয়ার বা অভিযোগ করার সুযোগ নেই।’
জর্ডানের বিপক্ষে ম্যাচে লিওনেল মেসিকে শুরুর একাদশে না রেখে ৬১ মিনিটে বদলি হিসেবে নামানো হয়। মাঠে নেমেই চোখধাঁধো ফ্রি-কিক গোলে বিশ্বকাপে নিজের ১৯তম গোলটি তুলে নেন এলএমটেন। মেসিকে বেঞ্চে রাখার সিদ্ধান্তটি যে মেসির নিজেরই ছিল, তা ফাঁস করেন স্কালোনি, ‘আজ ও (মেসি) চাইলে পুরো ৯০ মিনিটই খেলতে পারত। প্রতিপক্ষকে অসম্মান না করেই বলছি, আজ ও খেললে নিজের গোলের রেকর্ড আরও বাড়িয়ে নিতে পারত। কিন্তু ও নিজেই চেয়েছিল যেন অন্য সতীর্থরা খেলার সুযোগ পায় এবং ও নকআউটের ম্যাচের জন্য বিশ্রাম পায়। এটাই প্রমাণ করে তার মন কত বড়। সংবাদমাধ্যমে তার যে সব রেকর্ড নিয়ে আলোচনা হয়, ও নিজে সেগুলো নিয়ে বিন্দুমাত্র ভাবে না। দল আর সতীর্থদের প্রতি তার ভালোবাসা কতখানি, এই সিদ্ধান্তই তার প্রমাণ।’
জর্ডানের বিপক্ষে ম্যাচটি নিয়মরক্ষার হওয়ায় একাদশের নিয়মিত খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে সাইডবেঞ্চের শক্তি দেখে নিয়েছেন স্কালোনি। বিশেষ করে মূল মিডফিল্ডার এক্সেকুয়েল পালাসিওসকে আজ দেখা গেছে রাইট-ব্যাক পজিশনে খেলতে। এর কারণ ব্যাখ্যা করে স্কালোনি বলেন, ‘আমাদের এই পজিশনে বিকল্প তৈরি রাখা প্রয়োজন। নাহুয়েল মলিনা দীর্ঘ বিরতির পর আসায় তাকে বিশ্রাম দিয়েছি। আর গঞ্জালো মন্তিয়েলকে নিয়ে আমি কোনো ঝুঁকি নিতে চাইনি, কারণ নকআউটের গুরুত্বপূর্ণ মুহূর্তে সে আমাদের জন্য বড় অস্ত্র হবে। আজকের ম্যাচটি ছিল কাউকেই ঝুঁকিতে না ফেলে নতুন কোনো খেলোয়াড়কে ভিন্ন পজিশনে বাজিয়ে দেখার সেরা সুযোগ।’



































