ইরানে মার্কিন বাহিনীর সাম্প্রতিক হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক প্রতীকী ছবি পোস্ট করে নতুন করে আলোচনায় এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এবার নিজের প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি একটি ছবি শেয়ার করেছেন তিনি, যেখানে তাকে পুরো পৃথিবীর ভার নিজের কাঁধে বহন করতে দেখা যাচ্ছে।
শনিবার (২৭ জুন) শেয়ার করা ওই ছবিতে দেখা যায়, ট্রাম্প আমেরিকার জাতীয় পতাকা গায়ে জড়িয়ে আছেন এবং নিজের দুই হাতে পুরো পৃথিবীকে উঁচিয়ে ধরে রেখেছেন। তবে এই পোস্টের সঙ্গে ট্রাম্প কোনো ক্যাপশন বা লিখিত বার্তা যোগ করেননি।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদন অনুযায়ী, ইরানে ড্রোন মজুদ রাখার স্থানে মার্কিন বাহিনীর সাম্প্রতিক হামলার ঠিক একদিন পরই ট্রাম্প এই ছবি শেয়ার করলেন।
বিশ্লেষকদের মতে, এই ছবির মাধ্যমে ট্রাম্প সম্ভবত এটিই বোঝাতে চেয়েছেন যে, বর্তমান বিশ্ব পরিস্থিতির সমস্ত ভার বা বোঝা তিনি একাই নিজের কাঁধে বহন করছেন।
অবশ্য ট্রাম্পের পক্ষ থেকে এ ধরনের প্রতীকী বা আধ্যাত্মিক ছবি শেয়ার করার ঘটনা এটাই প্রথম নয়। চলতি বছরের শুরুর দিকে তিনি যাজকের পোশাক পরা একটি এআই ছবি পোস্ট করেছিলেন, যেখানে তাকে একজন অসুস্থ ব্যক্তিকে সুস্থ করতে দেখা যায়।
সেই সময় সমালোচক এবং তার সমর্থকদের একাংশ ছবিটিকে যিশু খ্রিস্টের সঙ্গে তুলনা করেছিলেন। তবে ট্রাম্প পরে দাবি করেন, ওই ছবিটির উদ্দেশ্য ছিল তাকে একজন চিকিৎসক হিসেবে উপস্থাপন করা, যিনি মানুষের মঙ্গলে কাজ করছেন।







































