অবিশ্বাস্য দিনুশায় ভারতকে রুখে দিল শ্রীলংকা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৬, ১২:২৫ এএম
অবিশ্বাস্য দিনুশায় ভারতকে রুখে দিল শ্রীলংকা

জয়টা ছিল ভারতের হাতের মুঠোয়। ম্যাচের শেষ দিনে তাদের প্রয়োজন ছিল মাত্র ৪ উইকেট। হারের দ্বারপ্রান্ত থেকে সেই শ্রীলংকাই ঘুরে দাঁড়াল অবিশ্বাস্যভাবে। প্রথম ইনিংসের পর এবারও সেঞ্চুরি পেলেন সোনাল দিনুশা। তার ও টেল এন্ডারদের বীরত্বেই কলম্বো টেস্ট ড্র করল শ্রীলংকা। প্রথম ম্যাচ জয়ের সুবাদে ১-০ ব্যবধানে সিরিজ জিতল ভারত।

ফলো-অনে পড়া শ্রীলংকা দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে শেষ করেছিল চতুর্থ দিনের খেলা। ৪ উইকেট হাতে রেখে তাদের লিড ছিল মাত্র ১৬ রান। ভারতের জয় মনে হচ্ছিল সময়ের ব্যাপার মাত্র।

কিন্তু শেষ দিনে ভারতের জয়ের পথে দেয়াল হয়ে দাঁড়ালেন দিনুশা। কিছুতেই যেন তাকে ফেরাতে পারছিলেন না ভারতীয় বোলাররা।

দিনুশার সঙ্গে সপ্তম উইকেটে কেশারা নুয়ান্থার জুটিটাই মূলত ভারতকে জিততে দেয়নি। সপ্তম উইকেটে দুজনের ৪০.২ ওভার জুটিতে ১৫০ বলই খেলেছেন নুয়ান্থা। ১১২ রানের জুটি ভাঙার সময় নুয়ান্থার রান ছিল ৪৬।

এরপর প্রবাত জয়াসুরিয়া এসে টিকতে না পারলেও দিনুশাকে আরেকটি বড় জুটি গড়েন লাহিরু কুমারা। এই জুটি খেলেছে ২৮ ওভার। যার মধ্যে লাহিরু একাই খেলেছেন ৯০ বল।

এর মধ্যেই টানা দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন দিনুশা। এই সিরিজে এটি তার তৃতীয় সেঞ্চুরি। ক্যারিয়ারের পঞ্চম টেস্টেই জোড়া সেঞ্চুরির স্বাদ পেয়ে গেলেন ২৫ বছর বয়সী এই ব্যাটার। ফলো-অনে পড়া কোনো দলের হয়ে দুই ইনিংসেই তিন অঙ্ক স্পর্শ করা টেস্ট ইতিহাসের তৃতীয় ক্রিকেটার তিনি। ১৯৪৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেড টেস্টে প্রথমবার এই কীর্তি গড়েছিলেন ভারতের বিজয় হাজারে (১১৬ ও ১৪৫)। ২০০১ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারারেতে ১৪১ ও ১৯৯* রানের ইনিংস খেলেছিলেন অ্যান্ডি ফ্লাওয়ার।

দিনুশা শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ১৩৩ রানে। লিড ততক্ষণে ২১৬ রান হয়ে যাওয়ায় হার এড়ানো নিশ্চিত হয়ে গেলে ইনিংস ঘোষণার সিদ্ধান্ত নেয় লংকানরা। ভারত ড্র মেনে নিলে খেলা থামে দিনের খেলা ১৭ ওভার বাকি থাকতে।

Link copied!