শুক্রবার স্কটল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত জয়ে সেমি ফাইনালের আশা এখনো টিকিয়ে রেখেছে ভারত। স্কটিশদের ৮৫ রানে বেঁধে ৮১ বল হাতে রেখে ৮ উইকেটের জয় নিশ্চিত করে ফেলে বিরাট কোহলির দল। বিশাল এই জয়ের নিজেদের রানরেটটা বাড়িয়ে রেখে কিছুটা স্বস্তিতে আছে তারা।
গতকালের (৫ নভেম্বর) জয়ে গ্রুপ টেবিলের দুইয়ে উঠে এসেছে ভারত। সেমি ফাইনালে যেতে হলে পরের ম্যাচে নামিবিয়ার সঙ্গে যেমন জিততে হবে, তেমনি প্রার্থনা করতে হবে আফগানিস্তান যেন নিউজিল্যান্ডকে হারিয়ে দেয়। সেই হারও হতে হবে অবশ্য অল্প ব্যবধানের।
কিন্তু আগামীকাল (৭ নভেম্বর) যদি নিউজিল্যান্ড আফগানিস্তানকে হারিয়ে দেয়, তবে সব আশাই অর্থহীন হয়ে যাবে। কারণ ওই ম্যাচ জিতলে নিউজিল্যান্ডের পয়েন্ট হবে ৮। আর ভারত যদি নামিবিয়ার বিপক্ষে জেতেও, তাদের পয়েন্ট হবে ৬। অর্থাৎ রোববারের ম্যাচে নিউজিল্যান্ডের জয় মানে, ভারতের বিদায় নিশ্চিত।
গতকাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কথা বলছিলেন রবীন্দ্র জাদেজা। ম্যান অব দ্য ম্যাচও হয়েছিলেন তিনি। সেখানেও উঠে এসেছে এই সমীকরণের বিষয়টি। এক সাংবাদিক প্রশ্ন করেন, নিউজিল্যান্ড যদি জিতে যায়, তাহলে কী করবে ভারত? জাদেজার সহজ উত্তর, “কী আর করব, ব্যাগ গুছিয়ে বাড়ি চলে যাব। এ ছাড়া আর কীই-বা করার থাকবে?”






































