ভারত-অস্ট্রেলিয়াকে টপকে সুপার লিগ টেবিলের দুইয়ে বাংলাদেশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৪, ২০২১, ০৪:৪১ পিএম
ভারত-অস্ট্রেলিয়াকে টপকে সুপার লিগ টেবিলের দুইয়ে বাংলাদেশ

আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের ইংল্যান্ড-পাকিস্তান ও আয়ারল্যান্ড-দক্ষিণ আফ্রিকার মধ্যকার সিরিজ চলছে। এরই মধ্য পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে ইংলিশরা। অন্যদিকে, আয়ারল্যান্ড জিতেছে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এরই মধ্য আইসিসির সুপার লিগের পয়েন্ট টেবিলের হালনাগাদে দেখা যাচ্ছে ভারতকে টপকে গেছে আয়ারল্যান্ড। ইংল্যান্ড রয়েছে তালিকার শীর্ষে, বাংলাদেশের অবস্থান দুইয়ে।

ঘরের মাঠে শেষ ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে ৩ উইকেটে জিতেছে ইংল্যান্ড। ফলে তিন ম্যাচে পূর্ণ ৩০ পয়েন্ট অর্জন করে ৯৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে ইংলিশরা। তাদের পরেই ৫০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে টাইগাররা। সমান ৪০ পয়েন্ট পাওয়া অস্ট্রেলিয়া ও পাকিস্তানের অবস্থান যথাক্রমে তিন ও চারে।

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ৩৫ পয়েন্ট নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে আয়ারল্যান্ড। আইরিশরা টপকে গেছে সমান ৩০ পয়েন্টে ৬,৭ ও ৮ নম্বর অবস্থান থাকা নিউজিল্যান্ড, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজকে। আইরিশরা ২৯ পয়েন্ট নিয়ে নবম অবস্থানে থাকা ভারতকেও ছাড়িয়ে গেছে। আয়ারল্যান্ডের কাছে হারায় নেদারল্যান্ডসের পেছনে অবস্থান দক্ষিণ আফ্রিকার। দশম স্থানে রয়েছে নেদারল্যান্ডস ও ১১ তে চলে গেছে দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কার অবস্থান ১২ নম্বরে। আর ১০ পয়েন্ট নিয়ে তলানিতে অবস্থান করছে জিম্বাবুয়ে।


 

Link copied!