শুরুতে রনির ব্যাটিং তান্ডব, মাঝে শোয়েব মালিকের দায়িত্বশীল ইনিংস আর শেষ দিকে অধিনায়ক নুরুল হাসান সোহানের ছোট্ট ক্যামিও ইনিংস। সবমিলিয়ে একদম যেন টি-টোয়েন্টি সুল্ভ ব্যাটিংটাই করলো রংপুর রাইডার্স। শেষ পর্যন্ত ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লার সামনে ১৭৭ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে রংপুর।
শুক্রবার (৬ জানুয়ারি) বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরে নিজেদের প্রথম ম্যাচে কুমিল্লার মুখোমুখি হয়েছে রংপুর। টস হেরে ব্যাটিং করতে নেমে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বোলারদের তুলোধনা করা করেছেন রংপুর রাইডার্সের দুই ওপেনার নাঈম শেখ ও রনি তালুকদার। দু’জনের ব্যাটিং তাণ্ডবে পাওয়ার প্লেতেই কোনো উইকেট না হারিয়ে রংপুরের স্কোরবোর্ডে জমা হয় ৬৪ রান ।
ব্যাট হাতে মূলত তাণ্ডব চালিয়েছেন রনি। মাত্র ১৯ বলে ফিফটির দেখা পেয়েছেন তিনি। যেটা বাংলাদেশি ক্রিকেটার হিসেবে বিপিএলে দ্রুততম ফিফটির রেকর্ড।
ইনিংসের দ্বিতীয় ওভারের মুখোমুখি হওয়া প্রথম দুই বলেই চার হাঁকিয়েছেন রনি। এরপর সামনে যে বোলারকেই পেয়েছেন হেসেখেলেই একের পর এক বাউন্ডারি হাঁকিয়েছেন।
এরপরের ওভারে আবু হায়দার রনিকে মেরেছেন আরও দুই চার ও এক ছক্কা। রনিকে যেন কিছুতেই থামাতে পারছে না কুমিল্লা। ইনিংসের ষষ্ট ওভার করতে আসা কুমিল্লার তরুণ পেসার আশিকুর জামানকে এক ওভারেই হাঁকিয়েছেন চারটি চার।
রনি যেখানে ব্যাট হাতে রুদ্রমূর্তি ধারণ করেছেন, সেখানে অন্যপ্রান্তে যেন নীরব দর্শকের ভূমিকা পালন করছেন আরেক ওপেনার নাঈম শেখ। ইনিংসের নবম ওভারে আউট হওয়ার আগে তার ব্যাট থেকে এসেছে ৩৭ বলে ৬১ রানের ইনিংস।
রনির বিদায়ের পরই যেন রংপুরের রানের চাকায়ও গতি কমে আসে। শুরু থেকেই অস্বস্তিতে থাকা নাঈম শেখ বিদায় নেন দলীয় ১১৫ রানে, তখন তার নামের ৩৪ বলে ২৯ রানের ইনিংস।
এরপর সিকান্দার রাজা নেমে ঝড়ের আভাস দিলেও মাত্র ব্যক্তিগত ১২ রানে তাকে ফিরিয়ে দেন রংপুর স্পিনার মোসাদ্দেক হোসেন সৈকত। উইকেটে এসে শোয়েব মালিকের সঙ্গে দারুণ জুটি গড়েন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান।
তবে দলীয় ১৬৩ রানে দারুণ ব্যাটিং করতে থাকা শোয়েব সোহানের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউট হয়ে ফিরে যান।
এরপর শেষদিকে ব্যাট হাতে দারুণ ক্যামিও খেলে অবদান রেখেছেন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান। তার ব্যাট থেকে এসেছে ১১ বলে ১৯ রান। অন্যদিকে বেনি হাওয়েল। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৭৬ রানের সংগ্রহ পেয়েছে রংপুর।



























