টানা দুই ম্যাচ জিতে মিরপুরেই ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। এবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজে তৃতীয় ম্যাচেও ভারতকে হারিয়ে হোয়াইটওয়াশ সম্পন্ন করতে চায় টাইগাররা।
তবে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে যাওয়ায় শেষ ম্যাচে কি হালকা মেজাজে থাকবে বাংলাদেশ? ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে টাইগারদের প্রতিনিধি হয়ে এসেছিলেন ফিল্ডিং শেন ম্যাকডারমেট।
সংবাদ সম্মেলনে এই প্রশ্নটা শেষ না হতেই উত্তর দিয়েছেন তিনি। শেন বলেন, টাইগারদের কাজ এখনও শেষ হয়নি। ভারতকে ৩-০ ব্যবধানে হারানোই তাদের লক্ষ্য।
শেন বলেন, “কাজ শেষ হয়নি এখনো। আমরা কোনো আন্তর্জাতিক ম্যাচকে হালকাভাবে নিই না। প্রথম ম্যাচের পর আমরা সেটাকে পেছনে ফেলে এসে দ্বিতীয় ম্যাচটি জিতেছি। বাংলাদেশ কখনো ভারতকে ৩-০ ব্যবধানে হারাতে পারেনি। এটাই এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় লক্ষ্য।”
অন্যদিকে এমনিতেই এক ম্যাচ থাকতেই সিরিজ হেরেচে ভারত। তার উপর ইনজুরিতে ইতিমধ্যে দেশে ফিরে গেছেন অধিনায়ক রোহিত শর্মা। সে না থাকায় শেষ ম্যাচেও বাংলাদেশের জয়ের সুযোগ বেড়েছেন বলে মনে করেন শেন।
“সে (রোহিত) না খেলায় জয়ের সুযোগ অনেকটাই বেড়ে যাবে। সেদিন (দ্বিতীয় ম্যাচে) রাতে রোহিত কী করেছে, সেটা তো সবাই দেখেছে। তবে আমরা নিজেরা কী করছি, সেটা নিয়ন্ত্রণ করার চেষ্টাটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ” যোগ করেন টাইগারদের ফিল্ডিং কোচ।
শনিবার (১০ ডিসেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।



















