ভালো আছেন পেলে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২২, ০৮:৪১ এএম
ভালো আছেন পেলে

ফুটবল কিংবদন্তি পেলে এখন ভালো আছেন। ব্রাজিলের সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে,  তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল আছে।

শনিবার (৩ ডিসেম্বর) ইন্সটাগ্রামে পেলেরে ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে একটি বিবৃতি দেওয়া হয়। সেখানে পেলে লিখেছেন,  তিনি বিশ্বকাপে ব্রাজিলের ফুটবল খেলা দেখছেন। মাতৃভূমির ফুটবল দলের খেলাই তাকে ‘শক্তি’ জুগিয়েছে। তিনি অনেক আশাবাদী এবং তার মনোবল এখনো মজবুত আছে।

এর আগে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছিল, কেমোথেরাপিতে ভালো সাড়া দিচ্ছেন না ক্যানসার আক্রান্ত ৮২ বছর বয়সী পেলের শরীর ।

পেলের অবস্থা উদ্বেগজনক বললেও ইএসপিএন ব্রাজিলের সে খবর সঠিক নয় বলে জানান পেলের মেয়ে কেলি নাসিমেন্তো। ইনস্টাগ্রামে তিনি লিখেছিলেন, তার বাবার শারীরিক অবস্থা নিয়ে সংবাদমাধ্যমে যে খবর দেওয়া হচ্ছে, তা সত্য নয়। নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার জন্য এই কিংবদন্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পেলের বিবৃতিতে বলা হয়, “বন্ধুরা, আমি চাই সবাই শান্ত ও ইতিবাচক থাকুক।”

তিনি আরও বলেছেন, “আমি অনেক আশাবাদী। আমার নিয়মতি চিকিৎসা চলছে। মেডিকেল ও নার্সিং টিমের সদস্যরা যেভাবে আমার যত্ন নিচ্ছেন, সেজন্য আমি তাঁদের ধন্যবাদ জানাতে চাই।”

তিনটি বিশ্বকাপ জেতা ব্রাজিলিয়ান এই ফুটবলার লিখেছেন, “সৃষ্টিকর্তার ওপর আমার অগাধ বিশ্বাস আছে। এছাড়া সারা বিশ্ব থেকে পাওয়া ভালোবাসা আমাকে ভরপুর শক্তি যোগাচ্ছে। আমি বিশ্বকাপে ব্রাজিলের খেলাও দেখছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।”

ক্যানসারের সঙ্গে লড়তে থাকা পেলেকে বৃহস্পতিবার (১ ডিসেম্বর) হাসপাতালে ভর্তি করা হয়। সে সময় তার অসুস্থতা কতটা জটিল, তা নিয়েও তৈরি হয় ধোঁয়াশা। 

Link copied!