বিশ্বকাপের ‘ই’ গ্রুপে জার্মানি বনাম কোস্টারিকার ম্যাচ গড়াবে বৃহস্পতিবার রাত ১টায়। আল বাইত স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।
ফিফা র্যাঙ্কিংয়ে জার্মানি আছে ১১ নম্বরে, কোস্টা রিকার অবস্থান ৩১।
বিশ্বকাপের গ্রুপ ই-এর শেষ ম্যাচে কোস্টা রিকার বিপক্ষে মাঠে নামার আগে জার্মানির দেওয়ালে পিঠ ঠেকে গেছে। গ্রুপে মাত্র ১ পয়েন্ট নিয়ে তলানিতে দলটি। পরের রাউন্ডে যেতে হলে এই ম্যাচে তাদের জিততেই হবে।
জার্মানরা এখন পর্যন্ত তাদের দুটি ম্যাচ থেকে মাত্র এক পয়েন্ট পেয়েছে। টানা দুই আসরে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে যাওয়ার অবস্থা তৈরি হয়েছে তাদের। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয় ৪ বারের বিশ্বচ্যাম্পিয়নদের।
অবশ্য কোস্টারিকাকে হারালেই দ্বিতীয় পর্বে জার্মানি নাও যেতে পারে। জাপান-স্পেনের ম্যাচের দিকে তাকিয়ে থাকবে হবে তাদের। স্পেন এবং জাপানের মধ্যকার ম্যাচ ড্র অথবা জাপান যদি জয় পায় তবে গোল পার্থক্য বিবেচনায় আসবে।
এদিকে কোস্টারিকা তাদের দুই ম্যাচে এক জয় তুলে নিয়েছে। জাপানের বিপক্ষে তাদের জয় রাউন্ড ষোলোর আশা বাঁচিয়ে রেখেছিল। তারা যদি জার্মানিকে হারাতে পারে এবং স্পেন জাপানকে হারালে গ্রুপে দ্বিতীয় স্থান নিয়ে নকআউট পর্বে উঠবে।



















