পার্থে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। মার্নাস ল্যাবুশেনের দেড়শ’র পর স্টিভেন স্মিথের ব্যাটে এসেছে অর্ধশতক। তাতে দিন শেষে অজিদের সংগ্রহ দাঁড়িয়েছে দুই উইকেটে ২৯৩ রান।
বুধবার (৩০ নভেম্বর) পার্থে টস জিতে ব্যাটিংয়ে নামে অস্ট্রেলিয়া। ওপেনিংয়ে নামা ডেভিড ওয়ার্নার ফেরেন মাত্র ৫ রানে। ক্যারিবিয়ানদের দ্রুত সাফল্য এনে দেওয়ার নায়ক জেইডন সিলস।
দ্বিতীয় উইকেট জুটিতে অবশ্য ঘুরে দাঁড়ায় অজিরা। উসমান খাজা ও মার্নাস ল্যাবুশেন মিলে গড়েন ২৪২ রানের জুটি। উসমান খাজা ৬৫ করে ফিরলেও ল্যাবুশেন দিনশেষে অপরাজিত আছেন ১৫৪ রানে।
ক্যারিয়ারের ২৯তম টেস্টে এটি তার অষ্টম সেঞ্চুরি। উসমান খাজার পর চারে নামা স্টিভেন স্মিথও তুলে নিয়েছে অর্ধশতক। দিনশেষে ৫৯ রানে অপরাজিত আছেন এই ক্রিকেটার।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে জেইডন সিলস ও কাইল মায়ার্স একটি করে উইকেট শিকার করেন। পার্থে ক্যারিবিয়ানদের হয়ে অভিষেক টেস্ট খেলছেন কিংবদন্তি শিবনারায়ণ চন্দরপালের ছেলে ত্যাগনারায়ণ চন্দরপাল।

















