আইকনিক লুসাইল স্টেডিয়ামে সৌদি আরবের কাছে হেরে বিশ্বকাপ শুরু করেছে লিওনেল মেসি ও তার সতীর্থরা। আলবিসেলেস্তাদের এই হারের প্রভাব পড়েছে ভার্চুয়াল ক্রিপ্টোকারেন্সি জগতেও। এক হারে প্রায় ৩৬ শতাংশ কমেছে ফ্যান টোকেনের দাম।
বিশ্বকাপকে সামনে রেখে প্রায় ৬.৯ বিলিয়ন ডলারের ফ্যান টোকেন বিক্রি হয়েছে। এতেই ফ্যান টোকেনের মোট মূল্য ছাড়িয়েছে ১৭৫ বিলিয়ন ডলার। এতো বড় ক্রিপ্টোকারেন্সি বাজারে দাম কমার রেকর্ড নেই বললেই চলে।
সৌদি আরবের কাছে হারের পর আর্জেন্টিনা সমর্থকদের ফ্যান টোকেনের দাম কমেছে প্রায় ৩৬ শতাংশ। এর আগে কখনই কোনো দলের ফ্যান টোকেনের দাম এতো কমেনি।
ক্রিপ্টোকারেন্সি নিয়ে গবেষণা করা দ্য ফার্স্ট মিন্ট একটি লেখচিত্র প্রকাশ করেছে। সেখানেই জানা গেছে আর্জেন্টিনা সমর্থকদের টোকেনের দাম কমেছেন ৩৬ শতাংশ।
এর আগে আর্জেন্টিনা সমর্থকরা অনেক বেশি ফ্যান টোকেন কিনে নেওয়ায় স্বতন্ত্র সমর্থকদের টোকেন কিনতে বেশ বেগ পেতে হয়েছে। এমনকি তৈরি হয়েছিল সংকটও। টোকেনের দাম বেড়েছিল কয়েক শতাংশ পর্যন্ত। এবার এক হারেই কমে এসেছে টোকেনের দাম।
























