ঘুম ভেঙেই সারপ্রাইজ পেলেন আফিফ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২২, ১১:৪০ এএম
ঘুম ভেঙেই সারপ্রাইজ পেলেন আফিফ

টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি নিতে বাংলাদেশ ক্রিকেট দল এখন আরব আমিরাতে। সেখানে দুই দিনের প্রীতি ম্যাচ ও অনুশীলন করবে বাংলাদেশ দল। বিমানে যাত্রাপথে দারুণ এক সারপ্রাইজ পেলেন দলের অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) ছিল বাঁহাতি ব্যাটিং অলরাউন্ডার আফিফের ২৩তম জন্মদিন। তাকে দারুণ এক সারপ্রাইজ দিলেন দলের বাকি সদস্যরা। আফিফের জন্য বিমানেই কেক কাটার ব্যবস্থা করা হয়।

দলের আরেক পেসার তাসকিন আহমেদের পোস্ট করা ভিডিওতে দেখা যায়, আফিফকে ঘুম থেকে তুলে শুভেচ্ছা জানাচ্ছেন দলের সদস্যরা, সামনে রাখা হয়েছে কেকও। ঘুম ভেঙে অপ্রস্তুত আফিফ অবশ্য মুহূর্তেই সামলে নেন নিজেকে। সতীর্থদের আয়োজনে শামিল হন হাসিমুখে।

আরব আমিরাতে দুই ম্যাচ খেলার জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলতে ব্যস্ত থাকায় নুরুল হাসান সোহানের নেতৃত্বে খেলবে টাইগাররা। দুই ম্যাচ ছাড়াও পাঁচ দিনের অনুশীলন করবে বাংলাদেশ দল। এর আগে দেশের অনুশীলন ক্যাম্প ভেস্তে যায় বৃষ্টির বাধায়।

Link copied!