• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ ১৪৩২, ২৪ জমাদিউস সানি ১৪৪৭

করোনার হানায় স্থগিত অস্ট্রেলিয়া-উইন্ডিজের দ্বিতীয় ওয়ানডে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৩, ২০২১, ০৩:৪৫ পিএম
করোনার হানায় স্থগিত অস্ট্রেলিয়া-উইন্ডিজের দ্বিতীয় ওয়ানডে

করোনার হানায় ব্রিজটাউনে অস্ট্রেলিয়া-উইন্ডিজের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জুলাই) রাতে ম্যাচটি হওয়ার কথা ছিল। কিন্তু ম্যাচ শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে একজনের করোনা আক্রান্ত হওয়ার খবরে ম্যাচটি স্থগিত করা হয়।

টস হয়ে গেলেও খেলা মাঠে গড়ায়নি। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালেক্স ক্যারি। 

ম্যাচ স্থগিতের খবর নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ জানায়, 'ওয়েস্ট ইন্ডিজ দলের খেলোয়াড় নন এমন একজন কোভিড–১৯ পরীক্ষায় পজিটিভ হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার দ্বিতীয় ওয়ানডে স্থগিত করা হয়েছে। টস হয়ে যাওয়ার পর এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুনরায় কোভিড টেস্টের জন্য দুই দলকে তৎক্ষণাৎ হোটেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। সবার নেগেটিভ ফলাফল না আসা পর্যন্ত সবাই আইসোলেশনে থাকবে। সবার নেগেটিভ ফলাফল এলেই ম্যাচের নতুন সময়সূচী নির্ধারণ করা হবে।” 

দুদলের সবাই করোনা নেগেটিভ হলেও সিরিজের দ্বিতীয় ম্যাচ না হওয়ার সম্ভাবনাই বেশী। কারণ আগামী বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বাংলাদেশে আসার কথা। বাংলাদেশ সফরে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচটি আগামী ৩ অগাস্ট হওয়ার কথা। 

ওয়েস্ট ইন্ডিজের সাথে সদ্য শেষ হওয়া পাঁচ ম্যাচের টি- টোয়েন্টি সিরিজে ৪–১ ব্যবধানে হেরেছে অজিরা। এরপর সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ১৩৩ রানে হারিয়ে শুভসূচনা করেছিলো অ্যালেক্স ক্যারির দল।
 

Link copied!