স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয়ে গ্রুপ ‘সি’-তে শীর্ষস্থান নিশ্চিত করে বিশ্বকাপের নকআউট পর্বে উঠেছে ব্রাজিল। সেলেসাও সমর্থকদের জন্য দিনটি আরও বিশেষ ছিল। কারণ দীর্ঘ ৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে মাঠে নেমেছেন নেইমার।
ম্যাচের পর আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে নিয়ে আবেগময় মন্তব্য করেছেন নেইমার। ডিএসপোর্টসের এক্স হ্যান্ডেলে শেয়ার করা বক্তব্যে ব্রাজিল তারকা জানান তার এবং মেসির বন্ধুত্ব শুধু মাঠের ভেতর সীমাবদ্ধ নয়, ‘মাঠে সে কতটা ভালো সেটা তো সবাই জানেন, মাঠের বাইরে সে আরও অসাধারণ। সে একজন মহান বন্ধু। সে জানে আমি তাকে কতটা ভালোবাসি।‘
মেসি ও নেইমার ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত বার্সেলোনায় চার মৌসুম একসঙ্গে খেলেছেন। সেসময় দুটি লা লিগা, তিনটি কোপা দেল রে, একটি উয়েফা চ্যাম্পিয়নস লিগসহ মোট আটটি শিরোপা জিতেছে ক্লাবটি। পরে পিএসজিতেও ২০২১ থেকে ২০২৩ পর্যন্ত একসঙ্গে খেলে দুটি লিগ ওয়ান ও একটি ত্রফে দে শঁপিওঁ শিরোপা যোগ করেন দুই কিংবদন্তি।
স্কটল্যান্ড ম্যাচে ব্রাজিলের জয়ের নায়ক ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। সপ্তম মিনিটে প্রথম গোল করেন তিনি, বিরতির ঠিক আগে হেডে করেন দ্বিতীয় গোল। বিরতির পর মাতেউস কুনিয়া তৃতীয় গোল যোগ করেন। স্কটল্যান্ড শেষদিকে দু-একটি সুযোগ পেলেও ব্রাজিলের আধিপত্য ছিল অপ্রতিরোধ্য।
এই ম্যাচে ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করলেন ভিনিসিয়ুস। ২০০২ বিশ্বকাপে রোনালদো নাজারিও ও রিভালদোর পর প্রথম ব্রাজিলিয়ান হিসেবে টুর্নামেন্টের প্রথম তিন ম্যাচে গোল করলেন তিনি। সামগ্রিকভাবে এই কীর্তি গড়া মাত্র পঞ্চম ব্রাজিলিয়ান তিনি।
সাত পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে ব্রাজিল, মরক্কোর সঙ্গে যৌথভাবে নকআউটে উঠেছে তারা। তিন পয়েন্ট নিয়ে স্কটল্যান্ডকে এখন অপেক্ষা করতে হবে তৃতীয় স্থানের সেরা দল হিসেবে পরের পর্বে যাওয়ার সুযোগ মিলবে কি না।

































