৪০ যাত্রী নিয়ে দৌলতদিয়া ফেরিঘাটের পন্টুন থেকে পদ্মায় পড়ল বাস


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৫, ২০২৬, ০৮:২৮ পিএম
৪০ যাত্রী নিয়ে দৌলতদিয়া ফেরিঘাটের পন্টুন থেকে পদ্মায় পড়ল বাস

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রায় ৪০ যাত্রীবাহী একটি বাস পন্টুন থেকে পদ্মা নদী-তে পড়ে গেছে।

বুধবার বিকেল সোয়া ৫টার দিকে দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে এ ঘটনা ঘটে। ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের বাসটি ফেরিতে ওঠার অপেক্ষায় ছিল। এ সময় ‘হাসনা হেনা’ নামে একটি ছোট ইউটিলিটি ফেরি এসে জোরে পন্টুনে ধাক্কা দিলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়।

ঘটনাস্থলে উপস্থিত কর্মকর্তারা জানান, বাসটিতে নারী ও শিশুসহ অন্তত ৪০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর কয়েকজন যাত্রী সাঁতরে উঠতে পারলেও অনেকেই বাসের ভেতরে আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করেছে। পাশাপাশি ঢাকা ও ফরিদপুর থেকে আরও উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে পাঠানো হচ্ছে। এছাড়া উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ঘটনাস্থলে কাজ করছে।

কর্তৃপক্ষ জানায়, পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!