বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলার ছাড়াল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৪, ২০২৬, ০১:২১ এএম
বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলার ছাড়াল

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নতুন আকার ধারণ করেছে। এর ফলে মে মাসের পর এই প্রথম বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারে পৌঁছেছে। পাশাপাশি বিশ্বজুড়ে মূল্যস্ফীতির নতুন শঙ্কাও তৈরি হয়েছে।

বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, গত কয়েক দিনে ইরানের ওপর হামলা জোরদার করেছে যুক্তরাষ্ট্র। এর পর থেকে তেলের দাম বাড়তে শুরু করে। এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৬ শতাংশের বেশি বেড়েছে।

গত সোমবার (২০ জুলাই) ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা সৌদি আরবের ওপর একটি নৌ অবরোধ আরোপ করে। তখন ধারণা করা হয়েছিল, এই অবরোধের জেরে হুতিরা বাব আল-মান্দেব প্রণালি পুরোপুরি বন্ধ করে দিতে পারে। তবে বাব আল-মান্দেব বন্ধ না করলেও হুতিরা লোহিতসাগরে তেলের ট্যাংকারগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে। এই রুট ব্যবহার করেই মূলত সৌদি আরব হরমুজ প্রণালি এড়িয়ে তেল রপ্তানি করে আসছিল। কিন্তু এখন রুটটি হুমকির মুখে পড়েছে। ফলে নতুন করে তেলের দাম বেড়ে গেছে।

এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতির ফলে তেলের দাম কিছুটা কমেছিল। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ শুরুর আগের স্তরে নেমে এসেছিল তেলের বাজার। তবে সেই যুদ্ধবিরতি টেকেনি।

এদিকে চলমান এই সংঘাত যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের অর্থনীতিতে মূল্যস্ফীতি বাড়িয়ে দেওয়ার ঝুঁকি তৈরি করেছে। ফলে সাধারণ ভোক্তাদের ব্যয় বাড়বে। কারণ, তেলের দাম বাড়লে পেট্রল ও ডিজেলের দামও চড়ে যায়। সরাসরি গাড়িচালকেরা এর শিকার হওয়া ছাড়াও ব্যবসাপ্রতিষ্ঠানগুলো বর্ধিত পরিবহন খরচ গ্রাহকদের ওপর চাপিয়ে দেওয়ায় খাদ্যসহ অন্যান্য পণ্যের দামও বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!