ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ১৯, ২০২৬, ১১:২৭ পিএম
ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জনবল ও অবকাঠামো বাড়ানোর পাশাপাশি বিভিন্ন উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠানটির সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা তুলে ধরেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (১৯ মে) পূর্বাচলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে আয়েজিত অনুষ্ঠানে তিনি বিভিন্ন পরিকল্পনার কথা বলেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে ৫৩৮টি ফায়ার স্টেশনের মাধ্যমে ফায়ার সার্ভিসের কার্যক্রম চলছে, যা চাহিদার তুলনায় যথেষ্ট নয়। এ বিবেচনায় বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী ফায়ার সার্ভিসের জন্য বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

ফায়ার সার্ভিসের ডুবুরিদের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “ডুবুরিদের সক্ষমতা বাড়াতে ৭২টি পদ তৈরির প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এটি বাস্তবায়ন হলে নৌযান দুর্ঘটনা মোকাবিলায় এ বাহিনীর সেবা সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।

“ফায়ার স্টেশনের সংখ্যা বৃদ্ধি এবং পরিকল্পনা অনুযায়ী সদস্য সংখ্যা ৩০ হাজারের বেশি করার জন্য ফায়ার সার্ভিসের অর্গানোগ্রাম পুনর্গঠনের প্রস্তাবও বিবেচনাধীন রয়েছে। প্রশিক্ষণের মান উন্নয়নে মুন্সীগঞ্জের গজারিয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স একাডেমি স্থাপনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে।”

ফায়ার সার্ভিস সদস্যদের জন্য ‘ফায়ার অ্যান্ড রেসকিউ ভাতা’ এবং ‘ফ্রেশ মানি’ দেওয়ার বিষয়টি পর্যালোচনা ও পরীক্ষা-নিরীক্ষা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে মন্তব্য করেন মন্ত্রী।

ফায়ার সার্ভিসের আবাসন সমস্যা দূর করতে কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ঢাকার মিরপুর ও সদরঘাটে দুটি বহুতল আবাসিক ভবন নির্মাণ প্রকল্প এবং মিরপুরে সদর দপ্তর ভবন নির্মাণের কাজ চলার তথ্য দেন তিনি।

ইতোমধ্যে ২০টি ফায়ার স্টেশন নির্মাণ ও পুনর্নির্মাণের প্রকল্প বাস্তবায়ন চলছে মন্তব্য করে তিনি বলেন, “অ্যাম্বুলেন্স সেবা বাড়াতে ১০০টি অ্যাম্বুলেন্স সংগ্রহের কাজও চলমান রয়েছে। একইসঙ্গে ফায়ার সার্ভিসের সেবা সহজ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ‘ই-ফায়ার লাইসেন্স’ দেওয়ার কার্যক্রম গত ১ মে থেকে চালু হয়েছে।”

মন্ত্রী বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৮৪ জন কর্মকর্তা-কর্মচারীদের হাতে পদক তুলে দেন। পদকপ্রাপ্তদের মধ্যে ২০২৩ সালের ৩৪ জন এবং ২০২৪ সালের ৫০ জন রয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, নারায়ণগঞ্জ-১ আসনের এমপি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Link copied!