কটাক্ষের মোক্ষম জবাব দিলেন আলিয়া


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ১৫, ২০২৬, ১০:৩৩ এএম
কটাক্ষের মোক্ষম জবাব দিলেন আলিয়া

চলতি বছরের কান উৎসবে হাজির হয়েছিলেন বলিউড তারকা আলিয়া ভাট। তবে কানের লালগালিচায় তিনি নাকি পাত্তা পাননি—সামাজিক যোগাযোগমাধ্যমে চাউর হয়েছে এমন কথা। অনেকে এ নিয়ে আলিয়াকে খোঁচা দিতেও ছাড়েননি। অনেকে তাঁর ইনস্টাগ্রাম পোস্টের মন্তব্যের ঘরেও কটু কথা বলতে ছাড়েননি। কানে উপস্থিতি নিয়ে যখন অনলাইনে তাঁকে কটাক্ষ করা হচ্ছিল, তখন একটি মন্তব্যের উত্তরে আলিয়ার সংযত প্রতিক্রিয়াই এখন ভাইরাল।

সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের কাস্টম আইভরি সিল্ক শাড়ি–গাউনের লুক নিয়ে একটি রিল পোস্ট করেন আলিয়া। সেই পোস্টে এক ব্যবহারকারী মন্তব্য করেন, ‘কী দুঃখজনক, কেউ তোমাকে খেয়ালই করেনি।’ সঙ্গে ছিল হাসির ইমোজি। জবাবে আলিয়া লেখেন, ‘দুঃখ কেন? তুমি তো আমাকে খেয়াল করেছ।’
আলিয়ার এই উত্তরের পর ভক্তরা মন্তব্যের ঘরে তাঁকে প্রশংসায় ভাসান। কেউ লিখেছেন, ‘এ কারণেই মানুষ হিংসা করছে, কারণ প্রতিটি লুকেই সে দারুণ ছিল।’ আরেকজনের মন্তব্য, ‘আউটফিট আর রিপ্লাই—দুটিই অসাধারণ।’ কেউ আবার লিখেছেন, ‘ভদ্রভাবেই দারুণ জবাব দিলেন।’
এদিকে আলিয়ার পাশে দাঁড়িয়েছেন তাঁর শাশুড়ি নীতু কাপুর। ট্রলের মধ্যেই পুত্রবধূর প্রশংসায় শাশুড়ি মা নীতু কাপুর।

‘পারফেকশন’। কানের লালগালিচায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলিয়াকে আমল দেয়নি, এই চর্চায় যখন নেটভুবন মগ্ন, তখন ইন্ডাস্ট্রির সতীর্থের পাশে দাঁড়িয়েছেন অভিনেতা অ্যালি গোনি ও রাহুল বৈদ্য। সমালোচকদের উদ্দেশে ইনস্টা স্টোরিতে রাহুল লিখেছেন, ‘যাঁদের নিজেদের কোনো যোগ্যতা নেই, তাঁরাই রাতারাতি ফ্যাশন ক্রিটিক, কানের বিশ্লেষক হয়ে উঠেছেন। আলিয়া তো আন্তর্জাতিক মঞ্চে ভারতকে উপস্থাপন করছেন। আত্মবিশ্বাসের সঙ্গে তাঁর উপস্থিতি সত্যিই অসাধারণ। সব সময় আওয়াজ তুলে নিজের মূল্যবোধ প্রমাণ করা যায় না।’

আরও যোগ করেছেন, ‘প্রকৃত তারকারা কখনো কারও অ্যাটেনশন ভিক্ষা করে না, সেটা অর্জন করে নেয়। কারও সম্পর্কে নেতিবাচক মন্তব্য করে সাময়িক আনন্দ বা সাফল্য পাওয়া যায়, সেটা কখনোই দীর্ঘস্থায়ী হয় না। বিশ্বমঞ্চে ভারতীয়দের নিন্দা না করে তাঁদের সাফল্য উদ্‌যাপন করা উচিত।’


আলিয়াকে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষের জবাবে সরব অ্যালি গোনি। দুঃখ প্রকাশ করে লিখেছেন, ‘এটা সত্যিই অত্যন্ত দুঃখজনক। একজন মানুষ যখন কঠোর পরিশ্রম করে ভারতকে বিশ্বমঞ্চে তুলে ধরেছেন, তখন তাঁকে ঘিরেই সমালোচনা! আলিয়া ভাট এমন এক জায়গায় পৌঁছেছেন, যেটা অনেকেই শুধু স্বপ্ন দেখেন। কান চলচ্চিত্র উৎসবে তিনি যেভাবে সৌন্দর্য, আত্মবিশ্বাস ও গর্বের সঙ্গে আমাদের দেশকে প্রতিনিধিত্ব করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। উপহাস না করে আমাদের উচিত, এমন মানুষদের সম্মান ও সমর্থন করা, যাঁরা আন্তর্জাতিক মঞ্চে ভারতের নাম উজ্জ্বল করছেন।’

হিন্দুস্তান টাইমস অবলম্বনে

Link copied!