যুক্তরাষ্ট্র সোমবার জানিয়েছে, তারা দক্ষিণ কোরিয়ার কাছে ৪ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের সামরিক হেলিকপ্টার বিক্রির অনুমোদন দিয়েছে।
উত্তর কোরিয়ার বিরুদ্ধে আত্মরক্ষার জন্য দক্ষিণ কোরিয়া আরও মার্কিন অস্ত্র কেনার প্রতিশ্রুতি দিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, দক্ষিণ কোরিয়া ৩ বিলিয়ন ডলার ব্যয়ে ২৪টি ‘রোমিও’ সিহক নৌবাহিনীর হেলিকপ্টার কিনবে। এসব হেলিকপ্টার সাবমেরিন শনাক্ত ও ধ্বংসের পাশাপাশি স্থল লক্ষ্যবস্তুতে হামলায়ও ব্যবহৃত হয়।
এছাড়া আরও ১.২ বিলিয়ন ডলারের চুক্তিতে দক্ষিণ কোরিয়ার এপাচি অ্যাটাক হেলিকপ্টারের আধুনিকায়ন অনুমোদন দেওয়া হয়েছে, যা দেশটির আক্রমণাত্মক হেলিকপ্টার সক্ষমতার মূল ভিত্তি।
পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, এই চুক্তি দক্ষিণ কোরিয়ার ‘বর্তমান ও ভবিষ্যৎ হুমকি মোকাবিলার সক্ষমতা বৃদ্ধি করবে’ এবং এটি ‘শত্রুদের প্রতিরোধে সক্ষম একটি বিশ্বাসযোগ্য শক্তি’ গড়ে তুলবে।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং গত নভেম্বর এক শীর্ষ বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রতিশ্রুতি দেন যে ২০৩০ সালের মধ্যে সিউল ২৫ বিলিয়ন ডলারের মার্কিন সামরিক সরঞ্জাম কিনবে এবং দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত মার্কিন বাহিনীকে সহায়তায় আরও ৩৩ বিলিয়ন ডলার প্রদান করবে।
ট্রাম্প দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের মিত্রদের প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর আহ্বান জানিয়ে আসছেন এবং বিদেশে মার্কিন সেনা মোতায়েন নিয়েও প্রশ্ন তুলেছেন।
শান্তিবাদী লি উত্তর কোরিয়ার সঙ্গে শর্তহীন আলোচনার পক্ষে থাকলেও, উত্তর কোরিয়ার পক্ষ থেকে এখনো কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।
















