গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৬, ১১:২৮ এএম
গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ

সরকারের গঠন করা মজুরি বোর্ড নতুন বেতন কাঠামো ঘোষণার পরও গাজীপুরে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ের ভোগড়া বাইপাস ও নাওজোড়সহ কয়েকটি কারখানার সামনে বিক্ষোভ করেন। এসময় পুলিশ তাদের মহাসড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করলে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ বাঁধে।

পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বুধবার সকালে বিভিন্ন কারখানার শ্রমিকরা বিক্ষোভ করছেন। সকাল সাড়ে ৮টার দিতে চান্দনা চৌরাস্তা থেকে ভোগড়া বাইপাস ও নাওজোড়ে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। বন্ধ মহাসড়ক চালু করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়া মাত্রই শ্রমিকরা তাদের লক্ষ্য করে ইটপাটকেল ছোঁড়া শুরু করে। এসময় মহাসড়ক থেকে বিক্ষুব্ধ শ্রমিকদের সরিয়ে দিতে পুলিশ-টিয়ার শেল ছুঁড়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সকাল থেকেই শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক ছিল। ভোগড়া-নাওজোড় এলাকায় শ্রমিকরা একটু সমস্যা করেছিল। আমাদের লোকজন পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে।
গতকাল বুধবার ভোর ৪টায় সংবাদ সম্মেলনে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি নতুন বেতন কাঠামো ঘোষণা করেন। তিনি জানান, গ্রেড ১-এর শ্রমিকরা ২১ হাজার ৫০০ টাকা, গ্রেড ২-এ ২০ হাজার টাকা, গ্রেড ৩-এ ১৯ হাজার ২০০ টাকা এবং চতুর্থ গ্রেডের ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

এ বেতনকে পুরোপুরি সন্তোষজনক মনে করেন না নিম্নতম মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার। বলেছেন, ‘তৈরি পোশাকশ্রমিকদের নতুন নির্ধারিত ন্যূনতম মজুরি পুরোপুরি সন্তোষজনক না হলেও একেবারে কম নয়।’

Link copied!