• ঢাকা
  • বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২, ২৫ জমাদিউস সানি ১৪৪৭

‘দেশ দানাদার খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, জনগণের চাহিদা পূরণে সক্ষম’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২১, ১০:২৭ এএম
‘দেশ দানাদার খাদ্যে স্বয়ংসম্পূর্ণ,  জনগণের চাহিদা পূরণে সক্ষম’

সরকারের যুগোপযোগী নীতি ও পদক্ষেপে দেশ দানাদার খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে এবং দেশের জনগণের চাহিদা পূরণে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

শনিবার (১৬ অক্টোবর) বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে এক বাণীতে রাষ্ট্রপতি এ কথা জানান।

কৃষি মন্ত্রণালয় ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) যৌথ উদ্যোগে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে ‘বিশ্ব খাদ্য দিবস-২০২১’। এবছর দিবসটির প্রতিপাদ্য হলো- ‘আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ- ভালো উৎপাদনে ভালো পুষ্টি, আর ভালো পরিবেশেই উন্নত জীবন’।

রাষ্ট্রপতি বলেন, "ফল, সবজির উৎপাদন অনেক গুণ বেড়েছে। দেশের অভ্যন্তরীণ জলাশয়ে উৎপাদিত মাছ এবং মাংস উৎপাদনে দেশের চাহিদা পূরণে সক্ষমতা অর্জিত হয়েছে।"

বাংলাদেশের কৃষিপণ্যে বর্তমান অবস্থা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, "রপ্তানি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষিকে লাভজনক করতে কৃষি যান্ত্রিকীকরণে উন্নয়ন সহায়তা প্রদান করা হচ্ছে।"

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বাণীতে আরও বলেন, "জাতির পিতার পথ ধরেই গ্রামীণ ও কৃষি উন্নয়নের মাধ্যমে উন্নত, সুখী ও সমৃদ্ধিশালী সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।"

"জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন কৃষি অন্তপ্রাণ। সদ্যস্বাধীন দেশ পুনর্গঠনে জাতির পিতা কৃষি বিপ্লবের ডাক দিয়েছিলেন। তিনি কৃষির উন্নয়নে কৃষকদের মাঝে খাস জমি বিতরণ, ভর্তুকি মূল্যে সার, কীটনাশক, উন্নত বীজ, সেচ ও অন্যান্য কৃষি উপকরণ সরবরাহ নিশ্চিত করেন।"

বঙ্গবন্ধুর গ্রামীণ ও কৃষি উন্নয়নের মাধ্যমে যে উন্নত, সুখী ও সমৃদ্ধিশালী সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানান রাষ্ট্রপতি।

আশা প্রকাশ করে রাষ্ট্রপতি বলেন, "সরকারের গৃহীত এসব উদ্যোগ দেশের কৃষি উৎপাদনকে আরো বেগবান করবে। পাশাপাশি নতুন কর্মসংস্থান ও উদ্যোক্তা সৃষ্টিতে সহায়ক হবে।"

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!