• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ ১৪৩২, ২৪ জমাদিউস সানি ১৪৪৭

লাগামহীন দামে ভোগান্তি ক্রেতাদের


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২১, ১২:৪৫ পিএম
লাগামহীন দামে ভোগান্তি ক্রেতাদের

বেড়েই চলেছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। মাছ, মাংস, মুরগি থেকে শুরু করে চাল, ডাল, তেলসহ সব পণ্যের দাম বাড়ছে। সবজির বাজারেও নেই কোনো সুখবর।

শুক্রবার (১৫ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায় সব ধরনের পণ্যেরই দাম বেড়েছে।

৫০-৫৫ টাকা কেজি দামে বিক্রি হওয়া বেগুন এখন বিক্রি হচ্ছে ৬০-৬৫ টাকা। কাঁচামরিচ আগে ১২০-১৩০ টাকা কেজি বিক্রি হলেও আজ হয়েছে ১৪০ টাকা। রসুন প্রতি কেজি ১৩০-১৪০ টাকা। গোল আলুর দাম হয়েছে প্রতি কেজি ২৫ টাকা যার আগের দাম ২০ টাকা। অবশ্য পেঁয়াজের দাম ৭০ টাকা থেকে কমে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

আদা ১৩০-১৪০ টাকা, করলা ৬০-৭০ টাকা, পটোল ৫০ টাকা, লাউ ৫০-৬০ টাকা, কাঁচা পেঁপে ২০ টাকা কেজি, গাজর ১০০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, কচুর লতি ৭০ টাকা, মিষ্টিকুমড়া ৫০-৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অথচ এসব সবজি এক সপ্তাহ আগেও পাওয়া যেত ৫-১০ টাকা কমে। বাজারে লালশাক, পালংশাক, মুলাশাক আঁটি প্রতি ১৫-২০ টাকা ও লাউ শাক ৩০-৪০ টাকায় বিক্রি হচ্ছে।

গরু ও খাসির মাংসের দাম অপরিবর্তিত থাকলেও ব্রয়লার মুরগির দাম বেড়ে হয়েছে ১৮০ টাকা। গরু ৬০০ টাকা, খাসির ৯০০-১০০০ টাকা, লেয়ার ২৫০ টাকা, সোনালি মুরগি ২৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ডিমের দাম কিছুটা কমে হালি ৩৬ টাকায় বিক্রি হচ্ছে। এর আগে ৩৮-৪০ টাকা হালি দরে ডিম বিক্রি হয়েছিল।

সয়াবিন তেল ১৪০-১৫০ টাকায় বিক্রি হচ্ছে। মোটা ডাল ৯৫-১০০ টাকা ও চিকন ডালের দাম ১০০-১১০ টাকা। চালের বাজার রয়েছে অপরিবর্তিত। নাজির শাইল ৬৫-৭০ টাকা, মিনিকেট ৬০-৬৫ টাকা, ও আটাশ ৫৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

Link copied!