দুই মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে শুনানি পেছাল


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২১, ০৪:২৯ পিএম
দুই মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে শুনানি পেছাল

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ভুয়া জন্মদিন পালন ও যুদ্ধাপরাধীদের মদদ দেওয়ার অভিযোগে মানহানির দুই মামলায় অভিযোগ গঠনের শুনানি পেছাল। আদালত ২৪ অক্টোবর নতুন দিন ধার্য করেছেন।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুরের আদালত এ দিন নির্ধারণ করেন। 

এদিন দুই মামলায় অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়া অসুস্থ থাকায় তার আইনজীবীরা শুনানি পেছানোর আবেদন করেন। এরপর বিচারক তাদের আবেদন মঞ্জুর করে ২৪ অক্টোবর দিন ধার্য করেন।

এদিকে যুদ্ধাপরাধীদের মদদ দেওয়ার অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে ২০১৬ সালের ৩ নভেম্বর ঢাকার মহানগর হাকিম আদালতে বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী বাদী হয়ে মামলাটি করেন।

এ মামলায় ২০১৭ সালের ১২ নভেম্বর খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা হয়।

অন্যদিকে মিথ্যা তথ্য দিয়ে জন্মদিন পালনের অভিযোগে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম ২০১৬ সালের ৩০ আগস্ট খালেদা জিয়ার বিরুদ্ধে ঢাকা মহানগর হাকিম আদালতে মামলাটি করেন।

এ মামলায় ২০১৬ সালের ১৭ নভেম্বর খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা হয়।

বর্তমানে রাজধানীর এভারকেয়ার (সাবেক অ্যাপোলো) হাসপাতালে খালেদা জিয়ার স্বাস্থ্যগত পরীক্ষা-নিরীক্ষা চলছে। শারীরিক অবস্থার ফলোআপ করাতে ১২ অক্টোবর বিকালে হাসপাতালে ভর্তি হন তিনি।

Link copied!