• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ ১৪৩২, ২৪ জমাদিউস সানি ১৪৪৭

‘এ সপ্তাহ থেকেই ২১ কেন্দ্রে শিশুদের টিকা প্রয়োগ’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১২, ২০২১, ০২:১৯ পিএম
‘এ সপ্তাহ থেকেই ২১ কেন্দ্রে শিশুদের টিকা প্রয়োগ’

চলতি সপ্তাহ থেকে ২১টি কেন্দ্রে ১২ থেকে ১৭ বছর বয়সী শিশু-কিশোরদের করোনা টিকা প্রয়োগ শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এ বি এম খুরশীদ আলম।

মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে এক অনুষ্ঠান শেষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. এ বি এম খুরশীদ আলম এ তথ্য জানান।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এ বি এম খুরশীদ আলম বলেন, “চলতি সপ্তাহের মধ্যেই শিশুদের টিকা দেওয়া শুরু হবে। আলাদা টিকা কেন্দ্রের তৈরি করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মাধ্যমেই তাদের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা হবে।” 

খুরশীদ আলম বলেন, “শিশু-কিশোরদের টিকার বিষয়টি নানা কারণে এখনো হয়ে ওঠেনি। এর প্রধান কারণ হলো এখন পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) অনুমোদন দেয়নি। তবে সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রী জেনেভায় গিয়ে ডব্লিউএইচওর ডিজির সঙ্গে কথা বলেছেন। এ বিষয়ে তারা সম্মতি দিয়েছেন। বিভিন্ন দেশে ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। সেটি মাথায় রেখে আমরাও একই টিকা দেব।”

স্বাস্থ্য মহাপরিচালক বলেন, “ফাইজারের টিকা অন্যান্য টিকার চেয়ে একটু আলাদা। এ জন্য আলাদা করে টিকা প্রয়োগকারীদের প্রশিক্ষণের দরকার আছে। তবে যেদিন থেকেই শিশুদের টিকা দেওয়া শুরু হবে, তার আগের দিনই সবাইকে জানিয়ে দেওয়া হবে।”

এ সময় কোন কোন জেলায় এই টিকা কার্যক্রম শুরু হবে, জানতে চাইলে স্বাস্থ্যের ডিজি বলেন, “জেলা ও সিটি করপোরেশনগুলোর যেখানে সুবিধা আছে, আপাতত সেখানেই দেওয়া হবে। বাকিগুলোতে পর্যায়ক্রমে দেওয়া হবে। এটাই এখন মেনে নিতে হবে।”

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা, অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. শামিউল ইসলাম প্রমুখ।

Link copied!