বিএনপিকে নির্বাচনে আসতেই হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রোববার (১০ অক্টোবর) সকালে সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে এ কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
ওবায়দুল কাদের বলেন, “দলের ক্ষয়িষ্ণু অস্তিত্ব রক্ষা এবং সমর্থক-কর্মীদের রোষানল থেকে বাঁচতে হলে নির্বাচনে বিএনপিকে আসতেই হবে।”
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “বিএনপি জানে নির্বাচন ছাড়া ক্ষমতার হাত-বদলের অন্য কোনও বিকল্প নেই। তাই তারা মুখে যত কথাই বলুক, নির্বাচনে তারা আসবে বলে মনে করি।”
বিএনপি নিজেদের দলের গণতন্ত্রকে গুম করে বাইরে গণতন্ত্র খুঁজে বেড়ায় উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, “বিএনপি জনরায়কে অশ্রদ্ধা দেখিয়ে নির্বাচন থেকে দূরে থাকছে; বলছে গণতন্ত্র নিরুদ্দেশ। তাদের হঠকারিতা এবং নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গের যে অপরাজনীতি তাতে কোনও ফল অতীতে আসেনি, ভবিষ্যতেও আসবে বলে জনগণ মনে করে না।”
ওবায়দুল কাদের আরও বলেন, “‘গণতন্ত্রকে নিরুদ্দেশ করা হয়েছে’বিএনপি নেতাদের এমন অভিযোগ উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানোর মতো।”
বিএনপিই গণতন্ত্রের এগিয়ে যাওয়ার পথে প্রতিবন্ধকতা তৈরি করছে উল্লেখ করে এই নেতা বলেন, “বিএনপি গণতন্ত্রের পথে না হেঁটে অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় যেতে পথ খুঁজছে।”































