‘পর্যায়ক্রমে অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধ করা হবে’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২১, ০৪:৫৬ পিএম
‘পর্যায়ক্রমে অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধ করা হবে’

তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, “পর্যায়ক্রমে অনিবন্ধিত নিউজ পোর্টালগুলো বন্ধ করা হবে।”

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রধানমন্ত্রীর জীবনভিত্তিক গ্রন্থের মোড়ক উন্মোচন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তথ্যমন্ত্রী এ কথা জানান।

সম্প্রতি সরকারি সংবাদ সংস্থা বাসসসহ বেশ কিছু অনলাইন নিউজ পোর্টাল সাময়িক সময়ের জন্য বন্ধ ছিল, এ বিষয়ে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, “বিটিআরসি অনেকগুলো অনলাইন পোর্টাল বন্ধ করে দিয়েছিল। সেখানে দেখা গেছে, নিবন্ধিত এমনকি সরকারি ওয়েব পোর্টালও বন্ধ হয়ে গিয়েছিল। এটি ভুল-বোঝাবুঝির কারণেই হয়েছে। সেটি খুব দ্রুত নিরসন হয়েছে। আমরা যে তালিকা পাঠাব, সেই অনুযায়ী বন্ধ করতে হবে।”

মন্ত্রী বলেন, “অনলাইন পোর্টাল বন্ধ একটি চলমান প্রক্রিয়া। অনলাইন পোর্টাল অনুমোদন যেমন একটি চলমান প্রক্রিয়া এবং অনলাইন পোর্টাল যেগুলো আসলে গর্হিত কাজ করে কিংবা সৎ উদ্দেশ্যে পরিচালিত নয়, গুজব রটায় কিংবা ভুল সংবাদ প্রচার করে, সেগুলো বন্ধের কার্যক্রম চলমান থাকবে। আর বিটিআরসি আমাদের কাছ থেকে তালিকা পেলে তারা সেগুলো বন্ধ করবে।”

হাছান মাহমুদ বলেন, “আদালতকেও আমরা জানাব, বিটিআরসিও জানাবে যে অনলাইন পোর্টাল বন্ধ একটি চলমান প্রক্রিয়া। সবকিছু হুট করে বন্ধ করলে, আমার বিবেচনায় সবগুলো একসঙ্গে বন্ধ করে দেওয়া যুক্তিযুক্ত হবে না। আমরা পর্যায়ক্রমে অননুমোদিতগুলো বন্ধ করব।”

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!