• ঢাকা
  • বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২, ২৬ জমাদিউস সানি ১৪৪৭
ধামাকা শপিং ডটকম

দেনা প্রায় ৪০০ কোটি টাকা, ব্যাংকে আছে ১ লাখ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২১, ০২:৪৪ পিএম

গ্রাহকের সঙ্গে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান ‘ধামাকা শপিং ডট কমে’র প্রধান নিয়ন্ত্রণ কর্মকর্তাসহ (সিওও) তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (২৯ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন প্রতিষ্ঠানটির সিওও মো. সিরাজুল ইসলাম (৩৪), মোবাইল, ফ্যাশন ও লাইফ স্টাইল ক্যাটাগরি হেড মো. ইমতিয়াজ হাসান সবুজ (৩১) ও ইলেকট্রনিকস ক্যাটাগরির হেড মো. ইব্রাহিম স্বপন (৩৩)।

এ বিষয়ে বিস্তারিত জানাতে বুধবার বেলা ১২টায় কারওয়ান বাজারস্থ র‌্যাব মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ের আয়োজন করা হয়। ব্রিফিংয়ে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, গত ২৩ সেপ্টেম্বর টঙ্গী পশ্চিম থানায় এক ভুক্তভোগী ‘ধামাকা শপিং ডট কমে’র চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও সিওওসহ ১১ জনের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করেন। তারই পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটির সিওওসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে কমান্ডার খন্দকার আল মঈন জানান, ‘ধামাকা শপিং ডট কম’ ২০১৮ সালে প্রথম তাদের কার্যক্রম শুরু করে। সে সময় প্রতিষ্ঠানটির নাম ছিল ‘ধামাকা ডিজিটাল’। পরে ২০২০ নাম পরিবর্তন করে ‘ধামাকা শপিং ডট কম’ করা হয়। সে বছরের অক্টোবরেই নেতিবাচক আক্রমণাত্মক কৌশল নিয়ে মাঠে নামে। এদের নিজস্ব কোনো অনুমোদন, লাইসেন্স এবং ব্যবসায়িক ব্যাংক অ্যাকাউন্ট নেই। তারা ইনভেরিয়েন্ট টেলিকম বাংলাদেশ লিমিটেড নামক প্রতিষ্ঠানের অ্যাকাউন্টের মাধ্যমে সব সময় লেনদেন করত।

র‌্যাবের এই পরিচালক আরও জানান, প্রতিষ্ঠানটি এ পর্যন্ত ৭৫০ কোটি টাকা লেনদেন করেছে বলে গ্রেপ্তাররা জিজ্ঞাসাবাদের জানিয়েছে। বর্তমানে তাদের অ্যাকাউন্টে রয়েছে মাত্র এক লাখ টাকা। অথচ তাদের বিক্রয় বকেয়া রয়েছে প্রায় ১৮০ থেকে ১৯০ কোটি টাকা, ক্রেতাদের কাছে বকেয়া আছে ১৫০ কোটি টাকা, ক্রেতাদের ফেরত চেকের বকেয়া আছে ৩৫ থেকে ৪০ কোটি টাকা। আর্থিক সংকটের কারণে গত কয়েক মাস যাবৎ প্রতিষ্ঠানটির অফিস, ডিপো এবং গত জুন থেকে কর্মচারীদের বেতনও বকেয়া রয়েছে বলে গ্রেপ্তাররা জিজ্ঞাসাবাদে জানিয়েছে। গত জুলাই থেকে তারা কোনো পণ্যও ডেলিভারি দেয়নি।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!