আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেছেন, অপকর্মের সঙ্গে জড়িত কোনো নেতা আগামী নির্বাচনে নৌকার টিকিট পাবেন না।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
এ সময় দলের শৃঙ্খলা মেনে নেতাকর্মীদের শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান সেতুমন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন, দলের শৃঙ্খলা মেনে চলতে হবে। “যারা অপকর্ম করছেন, চাঁদাবাজি, দখলবাজি, ভূমি দখল এবং মাদক ব্যবসা এসবের সঙ্গে যারা জড়িত আছেন, তারা সাবধান হয়ে যান।”
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, “যারা অপকর্ম করছেন, আমি তাদের পরিষ্কার ভাষায় বলে দিতে চাই আগামী নির্বাচনে অপকর্মের সঙ্গে জড়িত কেউ আওয়ামী লীগের টিকিট পাবেন না। সংশোধন হয়ে যান। কে কী করে, সবার তালিকা শেখ হাসিনার কাছে আছে।”
এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে আওয়ামী লীগের আয়োজনে শরীয়তপুরের নড়িয়া উপজেলার মুলফৎগঞ্জ পদ্মা নদীর পাড় বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে দোয়া ও পবিত্র কোরআন শরিফ বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে সেতুমন্ত্রী বলেন, “আপনারা সম্পদ হারিয়েছেন, বাড়িঘর হারিয়েছেন শেখ হাসিনার পদ্মা সেতুর জন্য। সেই পদ্মা সেতু এখন দৃশ্যমান। আগামী বছরের জুন মাসের আগে পদ্মা সেতু চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। প্রধানমন্ত্রী সেতুর উদ্বোধন করবেন।”
ওবায়দুল কাদের বলেন, “বাবার বিচক্ষণতা দিয়ে আজকে বাংলার কোটি কোটি মানুষের মন জয় করেছেন বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা। তার নেতৃত্ব, সততা ও বীরত্বের গুণে বাংলার ১৭ কোটি মানুষের নির্ভরযোগ্য আস্থা অর্জন করেছেন। পদ্মার পাড়ের টুঙ্গিপাড়ায় জন্ম বঙ্গবন্ধুর। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার জন্মও সেখানে। শেখ হাসিনা নিজেই একটা ইতিহাস। বাংলার মানুষ শেখ হাসিনাকে মনেপ্রাণে ভালোবাসে। বঙ্গবন্ধুর কন্যার ৭৫তম জন্মদিন আজ।”



































