• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ ১৪৩২, ২৪ জমাদিউস সানি ১৪৪৭

শেখ হাসিনার জাদুকরি নেতৃত্বে বাংলাদেশ রোল মডেল: তথ্যমন্ত্রী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২১, ১১:৪০ পিএম
শেখ হাসিনার জাদুকরি নেতৃত্বে  বাংলাদেশ রোল মডেল: তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাদুকরি নেতৃত্বের কারণেই বাংলাদেশ রোল মডেল এবং তাঁর নেতৃত্বেই বাংলাদেশ উন্নয়নের প্রতিটি সূচকে এগিয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।

সোমবার (২৭ সেপ্টেম্বর) রাতে রাজধানী বনানীর একটি হোটেলে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে আয়োজিত ‘জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার্স দাবা টুর্নামেন্ট’-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

হাছান মাহমুদ বলেন, “করোনা মহামারির সময়েও বাংলাদেশের জিডিপির যে প্রবৃদ্ধি সেটি বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। এখন থেকে ১২ বছর আগে বাংলাদেশ ছিল স্বল্পোন্নত দেশ, মাথাপিছু আয় ছিল বিশ্বের মধ্যে অনেক কম, বাংলাদেশ ক্ষুধা-দারিদ্র্যের দেশ হিসেবে পরিচিত ছিল। আর এখন চাষযোগ্য জমি অনেক কমলেও বাংলাদেশ খাদ্য উদ্বৃত্তের দেশ। এত জনঘনত্ব ও কম কৃষিজমির পরেও কীভাবে বাংলাদেশ খাদ্য উদ্বৃত্তের দেশে পরিণত হতে পেরেছে তা নিয়ে বিশ্ব সম্প্রদায় বিস্মিত।”

ক্রীড়াঙ্গণে প্রধানমন্ত্রীর অবদানের কথা উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, "ক্রীড়া ক্ষেত্রে বাংলাদেশের বড় অর্জনগুলোর পেছনে ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুপ্রেরণা। তাঁর প্রথমবারের শাসনামলেই টেস্ট স্ট্যাটাস লাভ করে বাংলাদেশ ক্রিকেট দল।"

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

বাংলাদেশ দাবা ফেডারেশনের সহসভাপতি এবং কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাতের সভাপতিত্বে বক্তব্য রাখেন দাবা ফেডারেশনের সহসভাপতি তরফদার মো. রুহুল আমিন, ফেডারেশনের সহসভাপতি কে এম শহীদুল্লাহ্, আবদুল মোনেম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন মোনেম, দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক শোয়েব রিয়াজ আলম।

অনুষ্ঠান শেষে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ভারতের সংকল্প গুপ্তসহ অন্য বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। বাংলাদেশসহ ১০টি দেশের ১২ জন গ্র্যান্ডমাস্টার, ১৬ জন আন্তর্জাতিক মাস্টার ও তিনজন নারী আন্তর্জাতিক মাস্টার এই টুর্নামেন্টে অংশ নিয়েছেন। প্রতিযোগিতায় মোট নগদ ১৫ হাজার আমেরিকান ডলার অর্থ পুরস্কার দেয়া হয়েছে। এর মধ্যে মূল্য পুরস্কার ছিল ১৩ হাজার ডলার (চ্যাম্পিয়ন ৪০০০, রানার-আপ ২৫০০, তৃতীয় ১৫০০, চতুর্থ ১০০০, পঞ্চম ১০০০, ষষ্ঠ ১০০০, সপ্তম ১০০০, অষ্টম ১০০০ ডলার)। বাংলাদেশের খেলোয়াড়দের জন্য দুই হাজার আমেরিকান ডলার (প্রথম ৭০০, দ্বিতীয় ৫০০, তৃতীয় ৪০০, চতুর্থ ২০০ এবং পঞ্চমকে ২০০ ডলার) পুরস্কার দেওয়া হয়।

এর আগে গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর আরেকটি হোটেলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় এ প্রতিযোগিতার।

বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করেছেন কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ।

এর আগে ‘বাংলাদেশ : উন্নয়নের ১ যুগ’ শিরোনামের তিন দিনের বিশেষ চিত্রপ্রদর্শনী ঘুরে দেখেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

Link copied!