• ঢাকা
  • বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২, ২৫ জমাদিউস সানি ১৪৪৭

‘সরকারকে আতঙ্ক তাড়া করছে’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২১, ০৩:২০ পিএম
‘সরকারকে আতঙ্ক তাড়া করছে’

সরকারকে উদ্দেশ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‍“দেশের বিশ্ববিদ্যালয় খোলার পর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বিভিন্ন ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে সিসিটিভি ক্যামেরা লাগানো হচ্ছে। এত ভয় কিসের? শিক্ষাপ্রতিষ্ঠান নজরদারিতে থাকবে কেন?”

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় অফিসের নিচে এক দোয়া মাহফিল ও আলোচনায় এসব কথা বলেন রুহুল কবির রিজভী।

রুহুল কবির রিজভী বলেন, “আপনি তো ভোটে ক্ষমতায় আসেননি, এজন্য আতঙ্ক তাড়া করছে। কোথা থেকে আন্দোলনের ঢেউ আসে। এজন্য আপনি ভিত।”

রিজভী বলেন, “গোটা দেশের মধ্যে স্বৈরাচার কায়েম হলেও বিশ্ববিদ্যালয় মুক্ত থাকে। ক্যাম্পাসে সিসিটিভি বসানোর কথা বলেছে কর্তৃপক্ষ। তাহলে এতদিন যে বিশ্ববিদ্যালয় বন্ধ রাখলেন, এটা তবে রাজনৈতিক কারণেই বন্ধ রেখেছেন?”

এ সময় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রসঙ্গে তিনি বলেন, “দেশের মানুষ ক্ষুধার্ত। খাবারের জন্য হাহাকার করছে মানুষ। জিনিসপত্রের দাম হু-হু করে বাড়ছে। দেশের মানুষের আমানতের ওপর সুদ কমিয়ে দিয়েছেন। আপনি চান, ওরা মরুক। আপনারা প্লেনে প্লেনে ঘুরে বেড়াবেন।”

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের কড়া সমালোচনা করে রিজভী বলেন, “প্রধানমন্ত্রী ১৪১ জন সহযাত্রী নিয়ে প্রমোদ ভ্রমণে গেছেন। সবাই বলাবলি করছে বিভিন্ন মাধ্যমে দেখছি ভাগ্নের মান ভাঙাতে তিনি নাকি সেখানে গেছেন, এই যদি হয় তাহলে কোথায় যাব আমরা? ফিনল্যান্ড থেকে নিউইয়র্ক উনি (প্রধানমন্ত্রী) গেছেন জাতিসংঘের বাৎসরিক অধিবেশনে সেখানে বক্তব্য রাখার জন্য। কই আপনি (প্রধানমন্ত্রী) সেখানে তো রোহিঙ্গাদের কথা বলেননি। বাংলাদেশে আজকে যে পরিস্থিতি সেই পরিস্থিতির জন্য আপনি দায়ী, সেটি তো আপনি বলেননি। তাহলে আপনি সেখানে কিসের কথা বলতে গেছেন? আপনি যে দিনের ভোট রাত্রে দেন, আপনি যে নিশিরাতের প্রধানমন্ত্রী, সেটা একবার নিজের দিকে তাকিয়ে আপনি সেখানে বক্তব্য দিতেন। দেশের স্বার্থে জনগণের স্বার্থে আজকে দেশের যে সংকট রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে দেওয়ার জন্য যে উদ্যোগ থাকার দরকার ছিল, যে কূটনৈতিক তৎপরতা থাকার দরকার ছিল সেই কূটনৈতিক তৎপরতা আপনি দেখাতে পারেননি। আপনি চারদিক থেকে ব্যর্থ।”

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, “একটা গরিব দেশ, কর্মসংস্থান নেই। হাজার হাজার যুবক এমএ পাস করে, মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং পাস করে হাতে সার্টিফিকেট নিয়ে ঘুরে বেড়াচ্ছে। মহামারি এই করোনার কারণে বহু মানুষ কর্মহীন হয়ে ঢাকা ছেড়ে গ্রামে চলে গেছে। পাশাপাশি একই সঙ্গে আমরা দেখছি দেশের একশ্রেণির মানুষের কী আনন্দঘন বিলাস চলছে।”

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!