পল্টন থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২১, ০৪:৪৫ পিএম
পল্টন থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার

রাজধানীর পল্টন এলাকার পৃথক স্থান থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

তারা হলেন- সোহাগ সিকদার (৪৫) ও অজ্ঞাতপরিচয় প্রতিবন্ধী (৪২)।

এর আগে মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রাতে মরদেহ দুটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম বলেন, “খবর পেয়ে আমরা নাইটিঙ্গেল মোড় এলাকার ফুটপাত থেকে অচেতন অবস্থায় সোহাগ সিকদারের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।”

নিহতের ভাই রবি সিকদার বলেন, “খবর পেয়ে ঢাকা মেডিকেলে এসে আমার ভাইয়ের মরদেহ শনাক্ত করি। আমার ভাই ওই এলাকায় রিকশা চালাতেন।”

রবি আরও জানান, নিহত সোহাগ সিকদার ফরিদপুর জেলার সদরপুর উপজেলার পশ্চিম চন্দ্রপাড়া গ্রামের মো. ইব্রাহিম শিকদারের ছেলে। নিহতের পরিবার গ্রামের বাড়িতে থাকেন।

অপরদিকে পল্টনের স্টেডিয়ামের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক প্রতিবন্ধীর মরদেহ উদ্ধার করেছে পল্টন থানা পুলিশ।

পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) আরশেল আহমেদ জানান, খবর পেয়ে পল্টনের স্টেডিয়ামের ভেতর থেকে এক মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়। 

ওই ব্যক্তির নামপরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদনে বিস্তারিত জানা যাবে। আমরা ক্রাইমসিনকে খবর দিয়েছি, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় জানা যাবে বলে জানান তিনি।

আরশেল আহমেদ আরও জানান, আশেপাশের লোকজনের মুখে জানতে পারি ওই ব্যক্তি একজন প্রতিবন্ধী। তিনি ওই এলাকায় থাকতেন এবং ঘুমাতেন।

Link copied!