‘বিএনপির আন্দোলনের বর্তমান প্রয়াসও নিষ্ফল হবে’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২১, ০২:৩৩ পিএম
‘বিএনপির আন্দোলনের বর্তমান প্রয়াসও নিষ্ফল হবে’

গত ১৩ বছরের মতো বিএনপির আন্দোলনের বর্তমান প্রয়াসও নিষ্ফল হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

সোমবার (২০ সেপ্টেম্বর) নিজ সরকারি বাসভবনে ব্রিফিংকালে ওবায়দুল কাদের এমন মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, “দেশের আইন আদালত তোয়াক্কা না করে মনগড়া কথা বলাই বিএনপির স্বভাব। ভাবনায় এবং চর্চায় বিএনপির একমুখী দর্শন তাদের রাজনৈতিক অস্তিত্বের শেকড়কে দিন দিন দুর্বল করছে।”

সাধারণ সম্পাদক বলেন, “শেখ হাসিনা সরকার বেগম জিয়া কিংবা ক্ষয়িষ্ণু বিএনপিকে ভয় পায় না। বরং তার (খালেদা জিয়া) বয়স এবং স্বাস্থ্যের ওপর নজর দিয়ে সাজা স্থগিত করেছে চতুর্থবারের মতো। এ উদারতা একমাত্র শেখ হাসিনাই দেখিয়েছেন। বিএনপি শেখ হাসিনার উদারতাকে দুর্বলতা ভাবলে ভুল করবে।”

কাদের বলেন, “সংবিধান সম্মতভাবেই পরবর্তী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ পরিবেশে। নির্বাচন ও নির্বাচনী পরিবেশ বিনষ্টের জন্য বিএনপি প্রস্তুতি শুরু করেছে।”

এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিআরটিসির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হন।

এ সময় তার বক্তব্যে বলেন, “লকডাউনের পরে আবারও পরিবহনে যাত্রীদের চাপ বেড়েছে। এ অবস্থায় যাত্রীসাধারণের চলাচলে সুবিধার কথা বিবেচনায় নিয়ে ১৬ সেপ্টেম্বর থেকে রাজধানীর উত্তরায় পুনরায় চক্রাকার বাস সেবা চালু করা হয়েছে।”

এছাড়া তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়ার পর ধানমন্ডি এলাকায়ও চক্রাকার বাস সেবা পুনরায় চালুর প্রস্তুতি রয়েছে।”

এ সময় বিআরটিসির মতো সেবা প্রতিষ্ঠানে দুর্নীতি যাতে বাসা বাঁধতে না পারে, সেদিকে কঠোর নজর দেওয়ার নির্দেশনা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তিনি বলেন, “দুর্নীতির বিষয়ে শেখ হাসিনা সরকার জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছে। সুতরাং যেকোনো মূল্যে বিআরটিসিকে সুনামের ধারায় ফিরিয়ে আনতে হবে।”

দুর্নীতি দমন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়েও তদন্ত করতে পারেন। এতে সরকারের পক্ষ থেকে কোনো বাধা দেওয়া হবে না। কোনো দুর্নীতি থাকলে ব্যবস্থা নিন।” 

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!