দেশের ই-কমার্স প্রতিষ্ঠানগুলো গ্রাহকদের প্রতি তাদের কমিটমেন্ট পূরণ না করলে আইন অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রোববার (১৯ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “ইভ্যালিসহ আরও কয়েকটি ই-কমার্স মানুষের কাছ থেকে অনেক টাকা নিয়েছে। কীভাবে তারা তাদের কমিটমেন্ট পূরণ করবে তা জানা নেই। কমিটমেন্ট পূরণ না করলে আইন অনুযায়ী ব্যবস্থা হবে।“
মন্ত্রী আরও বলেন, “আমি আবেদন করছি, যারা এই ব্যাপারে লগ্নি (বিনিয়োগ) করেন, ইনভেস্ট করেন তারা আগে থেকে বুঝে শুনে করবেন।“
গ্রাহকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, “আপনারা নিজে চিন্তা করবেন, যে প্রলোভন আপনাদের দেখাচ্ছে, এটা বাস্তসম্মত কি না। নিজেরা চিন্তা করে ইনভেস্ট করবেন।“





























