ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ৪, ২০২৩, ০৫:৩৭ পিএম
ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু

রাজধানীসহ সারা দেশে এডিস মশা বাহিত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। এতে অনেকের মৃত্যুও হচ্ছে। এ ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ৬৭৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৪২৯ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ২৪৯ জন ভর্তি হয়েছেন।

সোমবার (৩ জুলাই) সকাল ৮টা থেকে মঙ্গলবার (৪ জুলাই) সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাদের মৃত্যু হয়।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট এক হাজার ৬৬৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে এক হাজার ১০০ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৫৬৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ৯ হাজার ৮৭১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় সাত হাজার ৮৪ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন দুই হাজার ৭৮৭ জন।

আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আট হাজার ১৪১ জন। ঢাকায় পাঁচ হাজার ৯৩৬ এবং ঢাকার বাইরে দুই হাজার ২০৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!