ক্রেতা-বিক্রেতাদের রেগুলার পণ্য ও বিল দিতে না পারায় ‘ইভ্যালি টি-টেন’ অফারের অর্ডার নেওয়া বন্ধ করে দিয়েছে প্রতিষ্ঠানটি।
শনিবার (১৮ সেপ্টেম্বর) রাত ১টা ১৮ মিনিটে ইভ্যালির ফেসবুক পেজে এক জরুরি নোটিশে এ তথ্য জানানো হয়।
ফেসবুক পেজে জরুরি নোটিশে বলা হয়, ‘১৭ সেপ্টেম্বর ২০২১-এর টি-টেন-এ আপনাদের রেসপন্সে আমরা অভিভূত। আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের প্রধান দুজন সিগনেটরি- সিইও এবং চেয়ারম্যানের অনুপস্থিতিতে, আমাদের সেলারদের রেগুলার বিল দিতে পারছি না। এজন্য আমাদের স্বাভাবিক ডেলিভারি কার্যক্রম বিলম্বিত হচ্ছে। তাই আপনাদের করা ১৭ সেপ্টেম্বরের টি-টেন-এর সব অর্ডার আপাতত রিকোয়েস্ট হিসেবে জমা থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হওয়া মাত্রই আপনাদের টি-টেন-এর সব অর্ডার কনফার্ম করা হবে। অর্ডার কনফার্ম হলেই আপনারা পেমেন্ট সম্পন্ন করতে পারবেন।’
এদিকে ফেসবুক পোস্টের এই জরুরি নোটিশের নিচে মন্তব্য করেছেন গ্রাহকরা। অনেকে পণ্য না পাওয়ার অভিযোগ করেছেন, অনেকে আবার ইভ্যালিতে অর্ডার না করার জন্য় মন্তব্য করেছেন। কেউ আবার ‘ইভ্যালি টি-টেন’-এর অর্ডার করা পণ্যের আপডেট পাননি বলেও মন্তব্য়ে জানিয়েছেন।
গত বৃহস্পতিবার ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেপ্তার করা হয়। গ্রাহকের অর্থ আত্মসাতের অভিযোগে গুলশান থানায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়।
রাসেল প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, ইভ্যালির গ্রাহক সংখ্যা ৪৪ লাখের বেশি। ২০২১ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ইভ্যালির দায় ছিল ৪০৩ কোটি টাকা, যেখানে তাদের সম্পদ ছিল ৬৫ কোটি টাকা।






























