আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, “বিচার না হওয়া পর্যন্ত আমরা জামায়াতকে নিষিদ্ধ বলতে পারি না।” তিনি আরও বলেন, সংগঠন হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিচার শুরুর জন্য যথেষ্ট তথ্য-প্রমাণ আছে।
রোববার (১১ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ল রিপোর্টর্স ফোরাম (এলআরএফ) আয়োজিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
জামায়াতের সমাবেশ করা নিয়ে আইনমন্ত্রী বলেন, সমাবেশের অনুমতি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কেন তারা অনুমতি দিলো সেটার উত্তর স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেবে। তিনি বলেন, “জামায়াতের বিচারের জন্য আইন সংশোধনের প্রক্রিয়া চলছে, শিগগির তা মন্ত্রিসভায় উঠবে।”
আনিসুল হক বলেন, “খালেদা জিয়া নির্বাচন নিতে পারবেন না। রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিলে তার মুক্তি বাতিল করা হবে। তিনি সুস্থ হলে আইনত তার সাজার বাকি অংশ কার্যকর করাই সরকারের প্রধান কাজ।”
আনিসুল হক আরও বলেন, “আওয়ামী লীগ জনগণের কাছে যে অঙ্গীকার করেছিল, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে সেই প্রতিশ্রুতি পূরণ করবে। সংসদে প্রতিনিধিত্ব আছে এমন রাজনৈতিক দলগুলো নিয়ে নির্বাচনকালীন ছোট সরকার গঠন হবে।”
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আইনমন্ত্রী বলেন, সর্বোচ্চ আদালত অসাংবিধানিক ও অবৈধ ঘোষণা করায় সংবিধান থেকে কেয়ারটেকার সরকার বাতিল হয়ে যায়।
































