আগামী ডিসেম্বর বা জানুয়ারি মধ্যেই ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) চূড়ান্ত করে গেজেট আকারে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।
বুধবার (১৫ সেপ্টেম্বর) স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত কারিগরি কমিটির সভায় স্থানীয় সরকারমন্ত্রী এ কথা জানান।
সভাপতির বক্তব্যে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, “ড্যাপ চূড়ান্ত করার লক্ষ্যে সব পক্ষের সঙ্গে, যেমন নগর পরিকল্পনাবিদ, স্থাপত্যবিদ, রিহ্যাব, বিএলডিএসহ বিভিন্ন স্টেকহোল্ডার এবং ড্যাপের সঙ্গে সংশ্লিষ্ট সবার সঙ্গে সভা করে তাদের মতামত ও পরামর্শ নেওয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বর বা জানুয়ারির মধ্যেই ড্যাপ চূড়ান্ত করে গেজেট আকারে প্রকাশ করা হবে।”
মন্ত্রী বলেন, “ঢাকাকে আধুনিক, দৃষ্টিনন্দন ও বসবাসের উপযোগী করে গড়ে তোলার জন্য যে সমস্ত বিষয়গুলো আমলে নেওয়া দরকার, তা পর্যালোচনা করে ড্যাপে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি চূড়ান্ত করার পর বাস্তবায়ন হলে ঢাকার অনেক পরিবর্তন আসবে।”
তাজুল ইসলাম বলেন, “করোনার মহাসংকটের কারণে ইচ্ছে সত্ত্বেও মন্ত্রিসভা কমিটির সভা আয়োজন করতে না পেরে বিভিন্ন সময় বিভিন্নভাবে ছোট করে অনেক সভা করেছি। এখন করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় আমরা আবার কাজ শুরু করেছি। ড্যাপ চূড়ান্ত করে গেজেট প্রকাশ করার জন্য প্রক্রিয়া দ্রুত শেষ করার জন্য সকলে পরিশ্রম করছে।”
মন্ত্রী আরও বলেন, “ঢাকা শহরে নকশা অনুযায়ী ভবন নির্মাণ হয় না। আবার সরকারি খালবিল দখল করে বড় বড় বিল্ডিং নির্মাণ করা হয়। কোনো অবস্থাতেই এসব আর করতে দেওয়া যাবে না। নকশা এবং বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণ করতে হবে।”
এ সময় ভবন নির্মাণে প্রকৌশলীসহ সংশ্লিষ্টদের সবচেয়ে বেশি সচেতন ভূমিকা রাখার আহ্বানও জানান তিনি।
সভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান এবং ড্যাপের প্রকল্প পরিচালক আশরাফুল ইসলামসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ, দপ্তর/সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।





























