বিশ্বের বিভিন্ন মুসলিম দেশের ওপর যুক্তরাষ্ট্র স্যাংশন দিচ্ছে উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, “মুসলিম বিশ্বের বিভিন্ন দেশকে স্যাংশন দিয়ে দমিয়ে রাখতে এবং অর্থনৈতিকভাবে ধ্বংস করতে যুক্তরাষ্ট্র স্যাংশন দিচ্ছে।”
সোমবার (২২ মে) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটশনে ১৭ মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
মাহবুব উল আলম হানিফ বলেন, “বিএনপি নেতারা বলছে স্যাংশন আসছে, স্যাংশন আসছে। এতে খুশি হওয়ার কারণ নেই। কিন্তু বাংলাদেশের ওপর স্যাংশন আসবে না। যেসব দেশের ওপর স্যাংশন আসছে, তারা অর্থনৈতিকভাবে ধ্বংস হয়ে গেছে।”
শেখ হাসিনাকে হত্যার হুমকি প্রতিবাদ জানিয়ে মাহবুব উল আলম হানিফ বলেন, “রাজশাহী বিএনপির এক নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছেন। শেখ হাসিনাকে হত্যা তো দূরের কথা, একটা আঁচড়ও লাগতে দেব না। শেখ হাসিনাকে নিয়ে যদি কোনো রকম ষড়যন্ত্র করা হয়, তাহলে দেশের জনগণকে সঙ্গে নিয়ে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।”
র্যাবের কথা উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, “বিএনপির আমলে এ দেশে ১২৫টি ছোটখাটো উগ্রবাদী জঙ্গিবাদের সংগঠন হয়েছিল। তখন বিবিসি বাংলায় অনলাইনে লিখেছিল, বাংলাদেশে ১২৫টি উগ্রবাদী জঙ্গিবাদের সংগঠন আছে। তারেক রহমানের সঙ্গে তাদের যোগাযোগ আছে। বাংলাদেশকে একটি জঙ্গিবাদী রাষ্ট্র পরিণত করা হয়েছিল। সেই জঙ্গিবাদকে দমন করে দেশের ভাবমূর্তি ফিরিয়ে এনেছে র্যাব। আজকে মানুষ যখন র্যাবের কর্মকাণ্ডে স্বস্তি পায়, বিশ্বাস করে তখন তাদের ওপর স্যাংশন দেওয়ার কী আছে।”
বিএনপির সমালোচনা করে মাহবুব উল আলম হানিফ বলেন, “যে ইরান ছিল একসময় মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর মধ্যে সবচেয়ে ধনী রাষ্ট্র, স্যাংশন দিতে দিতে সেই দেশকে অর্থনৈতিক দিয়ে পঙ্গু বানিয়ে দিয়েছে। একসময়ের ধনী রাষ্ট্র এখন কোথায়, ধ্বংস হয়ে গেছে।”



































