বাংলাদেশ পুলিশের দুই দিনব্যাপী অপরাধ পর্যালোচনা সভা শুরু হয়েছে।
রোববার (১২ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব ইন্টেগ্রিটিতে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।
দুই দিনব্যাপী এ সভার প্রথম দিনে জানুয়ারি-মার্চ ও এপ্রিল-জুন ২০২১-এ দুই কোয়ার্টারের সার্বিক অপরাধ পরিস্থিতি যেমন- ডকাতি, দস্যুতা, খুন, দ্রুত বিচার আইনে মামলা, নারী ও শিশু নির্যাতন মামলা, অপহরণ, চুরি, দাঙ্গা, মাদক, অস্ত্র ও গাড়ি উদ্ধার বিষয়ে তুলে ধরেন ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) এ ওয়াই এম বেলালুর রহমান।
অপরাধ সংক্রান্ত উন্মুক্ত আলোচনায় মাঠ পর্যায়ের কর্মকর্তারা কিশোর অপরাধ, মুলতবি মামলা, জনকল্যাণমূলক বেস্ট প্র্যাকটিসসহ আইনশৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
সভার শুরুতে করোনা মহামারিতে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় স্বাগত বক্তব্য দেন- অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এম খুরশীদ হোসেন। পুলিশের সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলার পুলিশ সুপাররা এ সভায় অংশ নেন।
এ সময় অতিরিক্ত আইজি, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান ও পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





























