আইন অনুযায়ী কেউ দুই বছরের বেশি শাস্তিপ্রাপ্ত হলে তিনি নির্বাচন করতে পারেন না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, “খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও বয়স বিবেচনায় শর্ত সাপেক্ষে কারাগারের বাইরে বাসায় থাকার অনুমতি দেওয়া হয়েছে। সেই শর্ত অনুযায়ী তিনি রাজনীতি করতে পারেন না।”
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নির্বাচিত বইয়ের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, “খালেদা জিয়া দুই বছরের বেশি সময় সাজাপ্রাপ্ত হয়েছেন। সুতরাং তার নির্বাচন করার প্রশ্নই আসে না। তাকে শর্ত সাপেক্ষে শারীরিক অবস্থা ও বয়স বিবেচনায় কারাগারের বাইরে বাসায় থাকার অনুমতি দেওয়া হয়েছে।”
তথ্যমন্ত্রী বলেন, “যে শর্তে তাকে (খালেদা জিয়া) ঘরে থাকার অনুমতি দেওয়া হয়েছে, সেই শর্তের মধ্যে তিনি যে রাজনীতি করতে পারবেন, তা নেই। শর্তে বলা আছে, তিনি ঘরে থেকে চিকিৎসা নেবেন এবং অন্য কোনো কিছু করতে পারবেন না।”





































