বিএনপি জোটের আন্দোলন রিমোট কন্ট্রোলে অদৃশ্য নির্দেশে চলে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, “দেশে আজগুবি খবর ছড়াচ্ছে বিএনপি ও তার দোসররা।”
শুক্রবার (২৭ জানুয়ারি) বিকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের সভাপতি-সাধারণদের সঙ্গে যৌথ সভায় তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, “বিএনপি জোট বিদেশিদের দিকে তাকিয়ে আছে, লবিং করছে বাংলাদেশকে নিষেধাজ্ঞা দিতে। আওয়ামী লীগবিরোধী সব শক্তি এবং বেশ কিছু অপশক্তি আওয়ামী লীগবিরোধী জোট গঠন করেছে বিএনপির নেতৃত্বে।”
জিয়াউর রহমান স্বাধীনতার পাঠক, ঘোষক নয় উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “৭৫’ ঘটানোই হয়েছে আওয়ামী লীগকে ও মুক্তিযুদ্ধকে ধ্বংস করার জন্য। বিএনপি ও সমমনা দলগুলোর কর্মসূচিতে কোনো সংঘাতের উসকানি না দিতে নির্দেশ দিয়েছেন আওয়ামী সভাপতি শেখ হাসিনা। আগামী নির্বাচন পর্যন্ত প্রতিদিন কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ।”
তিনি আরও বলেন, “বেগম জিয়ার মুচলেকা প্রসঙ্গে শেখ সেলিমের মিথ্যা বলার সুযোগ নেই, তার কাছে নিশ্চয় সেই প্রমাণ আছে।”
যৌথ সভায় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন ও অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আহাম্মদ হোসেন ও মির্জা আজম, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশসহ কেন্দ্রীয়, মহানগর ও সহযোগী সংগঠনসমূহের সভাপতি- সাধারণ সম্পাদকেরা উপস্থিত ছিলেন।


































