মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ‘বোমা’ বিস্ফোরণ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৪, ২০২৬, ১০:০৬ পিএম
মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ‘বোমা’ বিস্ফোরণ

রাজধানীর মতিঝিল মেট্রোস্টেশেনের নিচে ছাতার মধ্যে অবিস্ফোরিত একটি বোমা উদ্ধার করেছে পুলিশ। পরে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট সেটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করেছে।

পুলিশ জানিয়েছে, মতিঝিল মেট্রো স্টেশনের নিচে পড়ে থাকা একটি ছাতার ভেতর অবিস্ফোরিত বোমাটি পাওয়া যায়। যা ডিজিটাল ডিভাইস দিয়ে সক্রিয় ছিলো। শুক্রবার সন্ধ্যা ৭টায় পথচারীরা ওই ছাতাটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। রাত ৮ টা ৪ মিনিটে বোমাটি বিষ্ফোরণ ঘটানো হয়। এসময় বোম্ব ডিসপোজাল ইউনিট ছাড়াও বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামারুজ্জামান তালুকদার  জানান, বিষয়টি নিয়ে আশেপাশের সিসিটিভি দেখে তদন্ত চলছে।

ঘটনাস্থলে থাকা গোয়েন্দা সংস্থার সদস্যরা জানান, বিকাল থেকেই মতিঝিল এলাকায় ফিরতি রথযাত্রা উপলক্ষে ব্যাপক নিরপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। সন্ধ্যায় যাত্রার শেষ দিকে কে বা কারা মেট্রোরেল স্টেশনের নিচে এবং ঢাকা চেম্বার অব কমার্সের সড়কের মাঝামাঝি বোমাটি রেখে যায়। পরে গোয়েন্দা সংস্থার লোকজন বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দিলে তারা এসে বোমটির নিয়ন্ত্রিত বিষ্ফোরণ ঘটায়।

এদিকে মেট্রো রেলের নিচে বোমা দেখে পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে। দূর থেকেই উৎসুক জনতার ভীড় জমতে থাকে। শক্তিশালী বোমাটির বিকট শব্দে বিষ্ফোরণ হলে আশপাশের এলাকা কেঁপে উঠে। মানুষজন আতঙ্কে ছুটাছুটি করতে থাকে।

ঘটনার পরপরই মতিঝিল মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয়। শুধু উত্তরাগামী যাত্রীরা স্টেশনে নামলেও মতিঝিল থেকে উত্তরাগামী যাত্রীদের স্টেশনে প্রবেশ করতে দেওয়া হয়নি।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!