তারকারা ফ্যাশনে চমক দেখাবেনই। বিশেষ করে তাদের পোশাকে থাকে নিত্য নতুন ছোঁয়া। ফ্যাশন নিয়ে এক্সপেরিমেন্ট করা স্বাভাবিক ঘটনা তাদের কাছে। এক্সপেরিমেন্ট করতে বিভিন্ন জিনিসও ব্যবহার করেন। কিন্তু এবার টয়লেট টিস্যু ব্যবহার করে ফ্যাশনেবল পোশাক বানিয়েছেন মার্কিন তারকা প্যারিস হিলটন।
পুরোপুরি টয়লেট টিস্যুতে মোড়ানো পোশাক পরে ভক্তদের সামনে হাজির হয়েছেন এই তারকা। আপাদমস্তক টিস্যুতে মুড়িয়ে রেখেছেন নিজেকে।আমেরিকান সোশ্যালাইট এই তারকা সদ্য বিয়ে করতে চলেছেন প্যারিস। এর আগে ব্রাইডাল শাওয়ার অনুষ্ঠানে এমন পোশাকে হাজির হয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন।
অভিনেত্রী, গায়িকা ও ডিস্ক জকি প্যারিস হিলটনের টিস্যুতে মোড়ানো পোশাক পরা ছবিটি মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। জনপ্রিয় এই তারকাকে দেখেই সেই ছবিতে আটকে যান নেটিজেনরা।
ছবিতে দেখা যায়, প্যারিস হিলটনের মূল পোশাক ছিল গত শতকের আশির দশকের হাতাকাটা লম্বা ওয়েডিং গাউন। মাথায় সাদা ব্যান্ড। পায়ে ছিল পাম শু, চোখে হার্ট আকৃতির চশমা। টেসলার জামাটা ছিল মেঝে পর্যন্ত লম্বা।

লস অ্যাঞ্জেলেসে অবস্থিত প্যারিস হিলটনের নিজ বাড়ির পেছনের উঠানে এই পার্টির আয়োজন করা হয়। জায়গাটিকে সাজান অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড থিমে। আর সেই অনুষ্ঠানেই মজা করে তিনি এবং তার ভাইয়ের বউ টেসলা হিলটন পরেছিলেন টয়লেট টিস্যু দিয়ে বানানো বিয়ের পোশাক। টিস্যু দিয়ে তৈরি পোশাকে তারা বেশ স্বাচ্ছন্দ্যবোধ করছিলেন।

পোশাক পরে ক্যামেরা সামনে আসতেই প্যারিস হিলটন বলেন, ‘আমাকে দয়া করে ওই নির্দয় মুখঢাকা আবরণ (ভেল) পরতে বলবেন না।’
পাঁচ মিনিটের মধ্যে তাদের পেঁচিয়ে ফেলা হয় টয়লেট টিস্যু দিয়ে। অবশ্য সেই পোশাক বেশিক্ষণ গায়ে রাখতে পারেননি তারা। প্যারিসের কুকুরগুলো কিছুক্ষণের মধ্যে তা চিবিয়ে সাবাড় করে ফেলে।
চলতি বছর ফেব্রুয়ারিতে কার্টার মিলিকেন রিউমের সঙ্গে বাগদান করেন প্যারিস হিলটন। কার্টার ও প্যারিস দুজনেই সদ্য ৪০ ছুঁয়েছেন। প্রাইভেট আইল্যান্ডে বাগদান হয় তাদের। ২০২০ সালের গোল্ডেন গ্লোব আফটার পার্টিতে প্রথম তাদের ঘনিষ্ঠভাবে প্রকাশ্যে দেখা যায়।


































