দীর্ঘতম চোখের পাপড়ি নিয়ে বিশ্ব রেকর্ড


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২১, ০১:২৫ পিএম
দীর্ঘতম চোখের পাপড়ি নিয়ে বিশ্ব রেকর্ড

মানুষের অস্বাভাবিক শারীরিক গঠন অন্যদের থেকে তাকে আলাদা করে দেয়। কখনও এর কারণে হয় আলোচিত, কখনও বা হয় সমালোচিত। কারও দীর্ঘ চুল, বড় গোঁফ থাকে, আবার কারও থাকে লম্বা নখ। এ ধরনের অস্বাভাবিক শারীরিক বৈশিষ্ট্য নিয়ে বিশ্ব রেকর্ডও করেছেন অনেকে। এসব রেকর্ড ভাঙা-গড়ার মধ্যেই চলে প্রতিযোগিতা।

এবার অস্বাভাবিক দেহ গড়নের তালিকায় নাম লিখলেন আরও একজন। বিশ্বের সবচেয়ে বড় চোখের পাপড়ি নিয়ে তিনি গিনেস বুকে জায়গা করে নিয়েছেন। আর নতুন এই রেকর্ড গড়েছেন চীনা নারী ইউ জিনজিয়া।

মানুষের চোখের পাপড়ির একটা নির্দিষ্ট দৈর্ঘ্য থাকে। সাধারণত চুলের মতো এর বৃদ্ধি হয় না। তবে এই নারীর চোখের পাতার পাপড়ি সবার থেকে আলাদা। যা চুলের মতোই বৃদ্ধি পায়।

সম্প্রতি গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী, বিশ্বের সবচেয়ে দীর্ঘ চোখের পাপড়ির অধিকারী ইউ জিনজিয়া। তার চোখের পাপড়ির আকার বর্তমানে ২০.৫ সেন্টিমিটার বা ৮ ইঞ্চি।

২০১৬ সালে চীনের নাগরিক ইউ জিয়ানজিয়ায় চোখের পাপড়ির দৈর্ঘ্য ছিল প্রায় ৫ ইঞ্চি। ওই সময় তিনি প্রথমবারের মতো গিনেস বুকে নাম লেখান। কিন্তু বর্তমানে তার চোখের পাপড়ি বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২০.৫ সেন্টিমিটার বা ৮ ইঞ্চি দৈর্ঘ্যে। অর্থাৎ এবার জিনজিয়া নিজের রেকর্ড নিজেই ভেঙে দ্বিতীয়বারের মতো গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন।

জিয়ানজিয়া বলেন, "২০১৫ সালে প্রথম লক্ষ্য করি আমার চোখের পাপড়ি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে। ভয় পেয়ে গিয়েছিলাম। চিকিৎসকের কাছে যাই। মেলেনি কোনো সমাধান। পরে বুঝতে পারি, পৃথিবীতে সম্ভবত আমিই এত দীর্ঘ চোখের পাপড়ির অধিকারী। এরপর আবেদন করি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে।"

গিনেস বুকে নাম ওঠার পর বিশ্বের নানা প্রান্ত থেকে গবেষকরা যোগাযোগ করেছেন জিয়ানজিয়ার সঙ্গে। কিন্তু কোনোভাবেই এই অস্বাভাবিকতার কারণ খুঁজে পাওয়া যায়নি। বিজ্ঞানীদের ধারণা, এর পেছনে জিনগত মিউটেশন দায়ী।

Link copied!